সূর্যের আরও একটি গ্রহ ছিল, সাহারা মরুভূমিতে পাওয়া গেল প্রমাণ
সৌরমণ্ডল, তার গ্রহ, উপগ্রহ এখন যা দেখা যাচ্ছে তা চিরন্তন নয়। আগে আরও একটি গ্রহ ছিল। যার নমুনা পাওয়া গেল সাহারা মরুভূমিতে।
এখন সূর্যের চারধারে ৮টি গ্রহ পাক দিচ্ছে। যার মধ্যে একটি পৃথিবীও। এছাড়া একটি বামন গ্রহ প্লুটোও পাক খাচ্ছে সূর্যকে। কিন্তু ঠিক এমন এক সৌরমণ্ডল শুরু থেকেই ছিলনা।
সৌরমণ্ডল জন্ম নেয় ৪৫৬ কোটি বছর আগে। তার কিছু পরেই তৈরি হয় একটি গ্রহ। সে সময় সৌরমণ্ডল এখনকার মত এতটা শান্ত ছিলনা। সে সময় এখানে গ্রহদের সঙ্গে ভাসমান অসংখ্য প্রস্তরখণ্ডের সংঘর্ষ লেগে থাকত।
বিজ্ঞানীরা জানতে পেরেছেন সে সময় একটি গ্রহ ছিল যার চেহারা ছিল মঙ্গলগ্রহের প্রায় সমান। কিন্তু সেটি একটা সময় ধ্বংস হয়ে যায়। যার কয়েকটি খণ্ড পৃথিবীতে এসে না পড়লে হয়তো এ গ্রহটির অস্তিত্বের কথা মানুষ জানতেই পারত না।
এই গ্রহ থেকে ভেঙে আসা অতি বিরল আগ্নেয়শিলা অ্যাংগ্রাইট ছিটকে সৌরমণ্ডলে ছড়িয়ে পড়েছিল। তার কয়েকটি টুকরো পৃথিবীতে এসে পড়ে উল্কাপিণ্ড রূপে। এমনই একটি উল্কাপিণ্ড উদ্ধার হয়েছে সাহারা মরুভূমির ধুধু বালির প্রান্তর থেকে।
এই উল্কা পরীক্ষা করে বিজ্ঞানীরা জানতে পেরেছেন এটি ওই হারিয়ে যাওয়া গ্রহের অংশ। তা যে ছিল তার প্রমাণ পৃথিবীতে আছড়ে পড়া এমন কয়েকটি উল্কাপিণ্ড। যার উপাদান পরীক্ষা করে এই গ্রহটির হদিশ পেয়েছেন বিজ্ঞানীরা।
প্রশ্ন হল আগ্নেয়শিলা অ্যাংগ্রাইট দেখে কীভাবে বিজ্ঞানীরা বুঝলেন যে এটি অন্য কোনও গ্রহের? এই আগ্নেয়শিলা অ্যাংগ্রাইট সৌরমণ্ডলের আর যে গ্রহ দেখতে পাওয়া যায় সেগুলির পাথরের চেয়ে একদম আলাদা। এতে সিলিকার মাত্রা অত্যন্ত কম। যা থেকে বিজ্ঞানীরা বুঝতে পারেন এখন যে গ্রহগুলি রয়েছে এটি তার অংশ নয়।











