SciTech

এ প্রাণির শক্তিশালী দাঁত ছিল, জীবাশ্ম দেখে এখনকার সঙ্গে মেলাতে পারছেন না বিজ্ঞানীরা

এ এমন এক প্রাণি যার দাঁত নেই বলেই সকলের জানা। তার যে এমন শক্তিশালী দাঁত ছিল তা দেখার পর অবাক বিজ্ঞানীরাও।

এ প্রাণি ডিম পাড়ে। আবার স্তন্যপায়ী। এমন প্রাণির দেখা মেলা ভার। তবে এদের দেখা পাওয়া যায় অস্ট্রেলিয়ার কিছু অংশে এবং তাসমানিয়ায়। পৃথিবীর আর কোথাও এদের অস্তিত্ব নেই। এদের বলা হয় প্ল্যাটিপাস। বাংলায় বলা হয় হংসচঞ্চু।

এই প্ল্যাটিপাস-এর দাঁত হয়না। শাবক প্ল্যাটিপাসের যদিও বা ছোট ছোট দাঁত গজায়, তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাদের দাঁত বিলুপ্ত হয়। তাদের মাড়ি শক্ত হয়। তা দিয়ে তারা খাবার সামাল দেয়।

ফলে সাধারণ মানুষ থেকে বিজ্ঞানী, সকলেরই জানা ছিল প্ল্যাটিপাসের দাঁত হয়না। কিন্তু ফ্লিন্ডার্স বিশ্ববিদ্যালয়ের গবেষকদের একটি গবেষণা জানাচ্ছে অস্ট্রেলিয়ায় জীবাশ্মের সন্ধান পাওয়া গেছে যা প্ল্যাটিপাস সম্বন্ধে নতুন করে ভাবতে বাধ্য করবে।

প্ল্যাটিপাসের যে জীবাশ্মগুলি উদ্ধার হয়েছে সেখানে প্ল্যাটিপাসের মুখে শক্তিশালী দাঁতের সন্ধান পাওয়া গেছে। যা নেহাত ছোটও ছিলনা। তারা যে শিকারকে দাঁতের সাহায্যে কব্জা করত তা গবেষকদের কাছে পরিস্কার।

এই প্ল্যাটিপাসরা আড়াই কোটি বছর আগে অস্ট্রেলিয়ার জলভাগে ঘুরে বেড়াত। প্ল্যাটিপাসরা জলের ধারেই থাকে। জলে এরা যথেষ্ট দ্রুত এবং শিকার ধরতে পারদর্শী।

আড়াই কোটি বছর আগে যে প্ল্যাটিপাসদের এমন শক্ত দাঁত ছিল, তা সময়ের সঙ্গে উধাও হয়ে গেল কেন তা ভাবাচ্ছে গবেষকদের। কারণ বর্তমানে প্ল্যাটিপাসের দাঁত থাকেনা। থাকে শক্ত মাড়ি। এই জীবাশ্ম প্ল্যাটিপাসের ক্রমবিকাশকে নতুন করে বুঝতে সাহায্য করবে বিজ্ঞানীদের।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *