SciTech

বিশালকায় মাকড়সার পায়ে জ্বলে নীল আলো, আশ্চর্য জীবের দেখা মিলল অতি গভীর সমুদ্রে

সমুদ্রের ৫ কিলোমিটার গভীরে বিশাল সামুদ্রিক মাকড়সার পায়ে জ্বলে নীল আলো। এমন আশ্চর্য জীবের এই আলোর রহস্য উন্মোচনের চেষ্টা করছেন বিজ্ঞানীরা।

সমুদ্রের ৫ কিলোমিটার গভীরে সূর্যের আলো পৌঁছয় না। সেখানে মিশকালো অন্ধকারে বসবাস করে এক আজব প্রাণি। সেই প্রাণির পা থেকে নীল আলো নির্গত হয়। প্রাণিটি দেখতে বিশাল মাকড়সার মত।

যদিও শরীরের অন্য অংশ নয়, আলো জ্বলে ওঠে প্রধানত পাগুলিতে। কেন এমন হয় তা জানার চেষ্টা করতে গিয়ে বিজ্ঞানীরা নতুন এক রহস্যের সমাধানে ব্যস্ত। অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্ব উপকূলের গভীর সমুদ্র থেকে সংগ্রহ করা হয়েছিল এই সামুদ্রিক মাকড়সাগুলি।

এদের ২টি প্রজাতির বৈজ্ঞানিক নাম কোলোসেন্ডেইস তাসমানিকা এবং কোলোসেন্ডেইস মাইনর। এগুলি অবশ্য স্থলভাগের সাধারণ মাকড়সা নয়। এদের সি স্পাইডার বলে। যাদের কোনও কোনওটির পায়ের বিস্তার প্রায় ২৫ সেন্টিমিটার পর্যন্ত হয়।

গবেষণাগারে বিজ্ঞানীরা দেখেছেন বিশেষ রাসায়নিকের সংস্পর্শে এলে প্রাণিগুলির লম্বা পা উজ্জ্বল নীল আলোয় জ্বলে উঠছে। পটাশিয়াম ক্লোরাইড প্রয়োগের পর কোনও কোনও ক্ষেত্রে সেই আলো প্রায় ১০ মিনিট পর্যন্ত স্থায়ী হয়। সবচেয়ে বিস্ময়কর তথ্য মিলেছে এদের পায়ের ভিতরের কোষ পরীক্ষা করে।

গবেষকদের ধারনা এই আলো তৈরির সঙ্গে পরিপাকতন্ত্রের বিশেষ কোষগুলির সম্পর্ক রয়েছে। সি স্পাইডারের পরিপাকতন্ত্রের অংশ পায়ের ভিতরেও রয়েছে। সম্ভবত সেখানে অবস্থিত কোষে আলো নির্গমনের প্রয়োজনীয় রাসায়নিক প্রক্রিয়া ঘটে।

সমুদ্রের স্বাভাবিক পরিবেশে এই আলো কখন এবং কীভাবে জ্বলে ওঠে সে সম্পর্কে এখনও নিশ্চিত নন গবেষকরা। গবেষণাটি প্রকাশিত হয়েছে ডিপ সি রিসার্চ পার্ট ওয়ান পত্রিকায়।

বিজ্ঞানীদের সামনে এখন সবচেয়ে বড় প্রশ্ন অন্ধকার সমুদ্রে এই নীল আলো কি শিকার ধরার অস্ত্র? নাকি শত্রুকে বিভ্রান্ত করা অথবা সঙ্গী খুঁজে পাওয়ার উপায়? উত্তর এখনও অধরা। গভীর সমুদ্রের এই আশ্চর্য প্রাণি বিজ্ঞানীদের সামনে খুলে দিয়েছে জীবজগতের আরেক অজানা অধ্যায়।

Show Full Article