এ প্রাণির দেহে বইছে নীল রক্ত, শরীরে কাজ করে চলেছে ৩টি হৃদযন্ত্র
প্রাণিজগতে আশ্চর্যের শেষ নেই। এ পৃথিবীতেই রয়েছে এমন এক প্রাণি যার দেহে বইছে লাল নয়, নীল রক্ত। শরীরে সর্বদা কাজ করে চলেছে ৩টি হৃদযন্ত্র।
পৃথিবীতে জল, স্থল, অন্তরীক্ষ মিলিয়ে নানা প্রাণি রয়েছে। রয়েছে উভচর প্রাণি। প্রাণিকুলে বৈচিত্র্যের অভাব নেই। যেমন এই পৃথিবীতেই রয়েছে নীল রক্তের অধিকারী এক প্রাণি, যার আবার ১টি নয় ৩টি হৃদযন্ত্র।
একটি রক্তকে পরিস্রুত করে চলেছে। পাম্প করছে রক্ত। আর অন্য ২টি হৃদযন্ত্র সেই রক্ত ফুলকায় পাঠিয়ে চলেছে। এটা তো এবার নিশ্চয়ই পরিস্কার যে প্রাণিটি জলে থাকে। না হলে ফুলকা থাকত না। তাহলে কি এটা কোনও মাছ?
এ প্রাণি সকলের চেনা। অক্টোপাস হল সেই প্রাণি যার ৩টি হৃদযন্ত্র থাকে, আর শরীর দিয়ে বয়ে যায় নীল রক্ত। নীল রক্ত রাজকীয় বা বর্ধিষ্ণু মানুষের রক্ত বলেই পরিচিত। যদিও সেটা নেহাতই সম্মানজনক এক ভাবনা। সব মানুষের রক্তের রংই লাল।
কিন্তু অক্টোপাসের ক্ষেত্রে এমন কোনও ভাবনা কাজ করেনা। তার রক্ত বাস্তবেই নীল। রক্ত নীল হওয়ার কারণ হল তামা। অক্টোপাসের রক্তে তামার পরিমাণ অনেক বেশি থাকে। তাই রক্তের রং হয় নীল।
৩টি হৃদযন্ত্র, নীল রক্ত ছাড়াও অক্টোপাস বিখ্যাত তার অষ্টপদের জন্য। যা তারা প্রয়োজনে গুটিয়ে নিয়ে শরীরটা ছোট করে অপরিসর ফাঁক গলেও বেরিয়ে যেতে পারে।
বিশ্বের বিভিন্ন পুরাণ কাহিনিতে অক্টোপাসের উল্লেখ পাওয়া যায়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই অক্টোপাসকে সেখানে রাক্ষস হিসাবে ব্যাখ্যা করা হয়। গল্পের বই থেকে সিনেমাতেও এই সমুদ্রের অষ্টপদী বিশেষ গুরুত্ব পেয়ে এসেছে।


