National

বর্ষা অব্ধি বাঁচাতে সরকারের কাছে নারকেল গাছ প্রতি ১ হাজার টাকা চাইছেন ধর্মপুরীর কৃষকরা

বর্ষা পর্যন্ত বাঁচিয়ে রাখতে হবে। সেজন্য রাজ্যের সরকারের কাছে গাছ প্রতি ১ হাজার টাকা করে চাইলেন ধর্মপুরীর নারকেল চাষিরা।

বৃষ্টি পর্যাপ্ত হয়নি। ক্রমশ জল কমে যাচ্ছে বিভিন্ন জলাধারে। যে কুয়ো রয়েছে জলসেচের জন্য সেগুলিও শুকোতে বসেছে। যা পরিস্থিতি তাতে ট্যাঙ্কারে করে জল আনতে হচ্ছে চাষের জন্য।

ট্যাঙ্কার প্রতি পড়ে যাচ্ছে ৪৫০ থেকে ৫০০ টাকা। আগামী ফেব্রুয়ারি পর্যন্ত যদিও বা টেনেটুনে যা জল জমানো আছে তা দিয়ে কাজ চালানো যায় তো তারপর আর জল থাকবেনা কোনও ড্যাম, জলাধার, পুকুর, দিঘি, কুয়ো কোথাও।

আর তা যদি হয় তাহলে পুরো গ্রীষ্ম পার করে বর্ষা আসা পর্যন্ত নারকেল গাছেরা টিকবে না। তাদের রক্ষা করা যাবেনা। তাই এখনই তামিলনাড়ু সরকারের কাছে গাছ প্রতি ১ হাজার টাকা করে অনুদানের আবেদন জানালেন নারকেল চাষের জন্য বিখ্যাত ধর্মপুরীর নারকেল কৃষকরা।

তাঁদের বক্তব্য, যদি জল কিনেও গাছে প্রয়োজনীয় জল দিতে হয় তাহলে এই ১ হাজার টাকা করে গাছ প্রতি সরকারি সাহায্য দরকার। তা পেলে বর্ষা নামা পর্যন্ত গাছগুলিকে বাঁচিয়ে রাখা সম্ভব হবে।

এবার ওই জেলা জুড়েই ৩৭ শতাংশ কম বৃষ্টি হয়েছে বর্ষায়। এখনও বৃষ্টি তেমন নেই। ফলে জলাধারগুলি শুকিয়ে যাচ্ছে। এদিকে কেবল ধর্মপুরীতেই ৫ হাজার ৬০০ হেক্টর জমিতে নারকেলের চাষ হয়।

প্রতিবছর ধর্মপুরীতে নারকেলের ফলন হয় ১ লক্ষ ২০ হাজার টন। যার ওপর নির্ভর করে এই এলাকার বহু মানুষের জীবন জীবিকা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article