National

চোরের ভয়ে বাড়ির ছাদে তাঁর গাড়িটি তুলে রাখলেন এক ব্যক্তি

গাড়ি অনেকে গ্যারাজে রাখেন। নাহলে বাড়ির সামনেও অনেকে গাড়ি রেখে দেন। এক ব্যক্তি এসব সাধারণ ধারনার বাইরে গিয়ে গাড়ি তুলে রাখলেন ছাদে।

গাড়িটি তাঁর প্রিয়। বড় এসইউভি গাড়ি। এ গাড়ি যাতে চুরি না হয়ে যায় সে চিন্তা থাকে তাঁর। এদিকে কর্মসূত্রে তাঁকে ইজরায়েল যেতে হয়। সে সময় গাড়িটি রাখা থাকে তাঁর চালকের কাছে। কিন্তু চালক এবার গাড়ির দেখভালে রাজি হননি।

এদিকে গাড়ি বাড়ির নিচে রেখে যাওয়াও ঠিক নয়। যে কোনও সময় তা চুরি যেতে পারে। চুরি যেতে পারে গাড়ির বিভিন্ন অংশ। তাহলে উপায়?

উপায় বার করেন ওই ব্যক্তিই। তিনি একটি ক্রেন ভাড়া করে নিয়ে আসেন। তারপর সেই ক্রেনের সঙ্গে বেঁধে ফেলা হয় বাড়ির সামনে রাখা এসইউভিটিকে।

এমন কাণ্ড দেখে স্থানীয় মানুষজন সেখানে ভিড় জমান। অনেকে ছবিও তুলতে থাকেন। এদিকে ক্রেন দিয়ে বাঁধার পর গাড়িটিকে ক্রেনের সাহায্য ক্রমশ উপরে তোলা হতে থাকে। এমন করে সেটিকে ছাদের ওপর নিয়ে যাওয়া হয়। তারপর ছাদে গাড়িটি নামিয়ে রাখা হয়।

গাড়ি ছাদেই থাকবে। সেখানেই সেটি সুরক্ষিত থাকবে। এমনটাই মনে করছেন বিহারের গোপালগঞ্জের বাসিন্দা মনোজ যাদব। ছাদ থেকে চোরেরা গাড়ি নিয়ে পালাতে পারবেনা এটা ঠিক। সেই সঙ্গে গাড়ি যে ছাদেও তুলে রাখা যায় সেই অভিনব ভাবনা উপহার দিলেন মনোজ।

প্রসঙ্গত কর্মসূত্রে ইজরায়েল যেতে হওয়ায় মনোজ ও তাঁর পরিবার গাড়ি ছাদে রাখার সিদ্ধান্ত নিয়েছে। যতদিন ইজরায়েলে থাকবেন তাঁরা, ততদিন গাড়ি রাখা থাকবে তাঁদের ওই দোতলা বাড়ির ছাদে। ইন্টারনেটে গাড়িটি তুলে ছাদে রাখার ছবি ছড়িয়ে পড়তে সময় নেয়নি। সংবাদমাধ্যমে খবর হতেও সময় নেয়নি এই অভিনব ভাবনা।

Show Full Article