বাংলার পাশেই পাওয়া গেল ৫টি ওরাংওটাং, এখানকার প্রাণিই নয়, তাহলে এল কোথা থেকে
বাংলার পাশে জঙ্গল থেকে উদ্ধার হল ৫টি ওরাংওটাং। ওরাংওটাং তো এখানে পাওয়া যায় না। তাহলে এল কোথা থেকে। এটাই এখন বড় প্রশ্ন।
ওরাংওটাং নামে প্রাণিটি নিয়ে সব মানুষেরই কম বেশি উৎসাহ আছে। তবে এ প্রাণি ভারতে প্রায় পাওয়াই যায়না। ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার রেন ফরেস্টে এদের বাস। সেই ওরাংওটাং কিনা ওড়িশায়!
বিষয়টি বন বিভাগের পাশাপাশি প্রাণি বিশেষজ্ঞদেরও হতবাক করে দিয়েছে। কিন্তু এটাও তো ঠিক যে ৫টি ওরাংওটাং পাওয়া গিয়েছে ওড়িশার বালেশ্বর জেলার ভোগরাই ব্লকের গহন জঙ্গলে।
যে ৫টি ওরাংওটাং পাওয়া গেছে প্রতিটির বয়স ১ থেকে ২ বছরের মধ্যে। মানে এরা কেউই পূর্ণবয়স্ক নয়। কিন্তু ওড়িশায় তো ওরাংওটাং নেই। তাহলে এরা এল কোথা থেকে।
বিশেষজ্ঞেরা এক্ষেত্রে ২টি বিষয় সামনে আনছেন। তাঁদের একটি মত হল হতে পারে খাবারের খোঁজে তারা এখানে এসে হাজির হয়েছে। তবে খাবারের খোঁজে এতদূর পাড়ি দিয়ে ওড়িশার জঙ্গলে হাজির হওয়ার চেয়েও বিশেষজ্ঞেরা অন্য বিষয়কে গুরুত্ব দিচ্ছেন। আর তা হল চোরাচালান।
তাঁরা মনে করছেন এটার সঙ্গে কোনও আন্তর্জাতিক চোরাচালান চক্র জড়িত থাকতে পারে। কারণ আন্তর্জাতিক বাজারে একটি ওরাংওটাংয়ের দাম ২০ থেকে ২৫ লক্ষ টাকা। এই ৫ ওরাংওটাংকে চোরাচালান করা হয়েছে বলেই মনে করছেন অনেকে।
পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। জঙ্গলের মধ্যে থেকে ৫টি ওরাংওটাং উদ্ধারের পর তাদের দেখভালের ব্যবস্থা করা হয়েছে। ভারতের চিড়িয়াখানায় ওরাংওটাং থাকলেও ওরাংওটাং ভারতে পাওয়া যাওয়া প্রাণির তালিকায় পড়েনা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











