জেলে যাওয়ার শখ মেটাতে সোনার দোকানের গয়নার বাক্স নিয়ে দৌড় দিল তরুণী
তার নাকি জেলে যাওয়ার শখ। সেই শখ পূরণ করতে সোনার দোকান থেকে গয়নার বাক্স নিয়ে দৌড় দিল তরুণী। তখনই ধরাও পড়ে গেল।
সে যখন সোনার দোকানটিতে ঢোকে তখন প্রায় বেলা ১২টা। গ্রাহক হয়ে ঢুকে সোনার আংটি দেখতে চায়। দোকানদার তাকে আংটির যে বাক্স সেটি খুলে দেখান। সেখান থেকে আংটি পছন্দও করে ওই তরুণী। জানায় তার বাবা অনলাইনে পেমেন্ট করে দেবে।
আংটি পছন্দ করলেও সে তা আরও ভাল করে দেখতে থাকে। দোকানি এর মাঝে অন্য গ্রাহকরা কি চাইছেন সেটা দেখতে নজর ফেরান। আর সেই সুযোগ কাজে লাগিয়ে ওই তরুণী দোকানের ওই আংটি ভর্তি বাক্স নিয়ে ছুটে দোকান থেকে বেরিয়ে যায়।
কি হয়েছে তা বুঝতে সময় লাগেনি জয়পুরের ওই সোনার দোকানের মালিকের। সময় নষ্ট না করে তিনি এবং তাঁর এক কর্মচারি তরুণীর পিছু ধাওয়া করেন।
সামান্য ধাওয়ার পরই তরুণীর নাগাল পেয়ে যান তাঁরা। পাকড়াও হয় তরুণী। উদ্ধার হয় গয়নার বাক্স। তবে ধরা পড়ে তরুণী এমন একটি কথা দোকানিকে জানায় যা শুনে তিনিও অবাক হয়েছেন।
তরুণী দাবি করে সে জেলেই যেতে চায়। সেজন্যই এই চুরির চেষ্টা। যাতে তাকে পুলিশ ধরে। আর তার জেলে জায়গা হয়। পুলিশ তাকে আটকও করে।
তবে কেউ যে জেলে যাওয়ার শখ মেটাতে এমন কিছুও করতে পারে তা জেনে অবাক হচ্ছেন গোলাপি শহরের অনেক বাসিন্দাই। দেশের নানা সংবাদমাধ্যমে খবরটি রীতিমত নজর কেড়েছে।











