National

শ্রাবণে ৫ কোটি পুণ্যার্থীর জমায়েত, কয়েক টন জঞ্জালে জেরবার দেশের অন্যতম শহর

গঙ্গার পবিত্র জল সংগ্রহ করতে কেবল শ্রাবণ মাসে এ শহরে হাজির হয়েছিলেন ৫ কোটি পুণ্যার্থী। শ্রাবণ শেষে গঙ্গা পারে পড়ে আছে টন টন জঞ্জাল।

পাশ দিয়ে বয়ে গেছে গঙ্গা। এ শহর গঙ্গার জন্য বিখ্যাত। বিখ্যাত মন্দিরের জন্য। দেশের অন্যতম পবিত্র শহর হরিদ্বারে সবে শেষ হয়েছে কাঁওড় যাত্রা। শ্রাবণ জুড়ে হরিদ্বারে কাঁওড় যাত্রার জন্য ভক্তের ঢল নেমেছিল। সংখ্যা পৌঁছেছিল প্রায় ৫ কোটিতে।

অনেকেই গঙ্গা থেকে পবিত্র জল সংগ্রহ করে যাত্রা করেন শিব মন্দিরের উদ্দেশে। সেই কাঁওড় যাত্রা শেষ হয়েছে। তারপরই যে দৃশ্য হরিদ্বারের গঙ্গার ধারে দেখতে পাওয়া গেছে তা দেখে তাজ্জব হরিদ্বারের নগর প্রশাসন।

চারধারে শুধুই জঞ্জাল আর জঞ্জাল। জঞ্জাল স্তূপাকৃতি হয়ে পড়ে আছে সর্বত্র। দূষণ ছড়াচ্ছে। ছড়াচ্ছে দুর্গন্ধও। সে জঞ্জালের স্তূপে কি নেই! নানাধরনের ফেলে যাওয়া আবর্জনায় জেরবার হরিদ্বার।

কত পরিমাণ জঞ্জাল জমা হয়েছে? মোটামুটি হিসাবে বলছে প্রায় ৭ থেকে ৮ টন জঞ্জাল হরিদ্বারে গঙ্গার ধারের নানা জায়গায় পড়ে আছে। হরিদ্বারের হর কি পৌরি ঘাটের হাল বেহাল। ঘাট জুড়ে শুধু জঞ্জালের পাহাড়। সেখানে যেমন রয়েছে ফেলে যাওয়া পোশাক, তেমন রয়েছে নানা প্লাস্টিকের জিনিস এবং আরও অনেক কিছু।

এই জঞ্জালের জেরে অত্যন্ত বিরক্ত স্থানীয় মানুষ। যাঁরা পুণ্যার্থী তাঁরা গঙ্গার ধারকে এভাবে জঞ্জালপূর্ণ কীভাবে করতে পারেন তা নিয়ে প্রশ্ন রয়েছে স্থানীয়দের। শুধু হরিদ্বার বলেই নয়, অনেক পুণ্যার্থী গঙ্গার জল সংগ্রহ করতে শ্রাবণে গঙ্গোত্রীও পৌঁছেছিলেন। সেখানেও জঞ্জাল জমেছে।

Show Full Article
nilkantho.in App