National

এক জায়গায় ৪০০ ধরনের আম, আম খাওয়ার প্রতিযোগিতা, জমে উঠেছে আম মহোৎসব

এক ছাদের তলায় ৪০০ ধরনের আম দেখার, কেনার এবং চেখে দেখার সুযোগ পাচ্ছেন সকলে। সেই সঙ্গে হচ্ছে আম খাওয়ার প্রতিযোগিতাও। জমে উঠেছে আম মহোৎসব।

এ এক বিরল সুযোগ। যা সাধারণ মানুষ থেকে পর্যটক সকলকেই আকর্ষিত করবে। আকর্ষিত করছেও। কারণ এ এক এমন আম মহোৎসব যেখানে ভারতের সব প্রান্তের নামকরা আম হাজির হয়েছে। তাও আবার এক ছাদের তলায়।

নাম জানা হোক বা অজানা, এমন বহু আমের গন্ধে মম করছে চারধার। সিন্দুরি, কেশর, আম্রপালি, মালদা, মল্লিকা থেকে শুরু করে ৪০০ রকমের আম চারধারকে শুধু আমের সুগন্ধেই নয়, রূপেও ভরিয়ে তুলেছে।

তবে আম মহোৎসবের এখানেই শেষ নয়। রয়েছে আরও নানা আকর্ষণ। দুপুর থেকে শুরু হয়ে রাত পর্যন্ত চলা এই আমের উৎসবে সারাক্ষণই চলছে আম খাওয়ার প্রতিযোগিতা। আগতরা তাতে অংশ নিতে পারেন। যে প্রতিযোগিতায় শুধু বড়রা নয়, ছোটরাও সমান উৎসাহে অংশ নিচ্ছে।

এখানে স্লোগান লেখা ও কুইজে অংশ নেওয়ার সুযোগও রয়েছে। স্টলে স্টলে ঘুরে নানা প্রজাতির আম দেখা ও কেনার সুযোগও রয়েছে। আম চাষিরাও তাঁদের আম নিয়ে হাজির হয়েছেন এখানে। যা তাঁদের আমকে আরও বৃহত্তর পরিচিতি যেমন দিচ্ছে, তেমনই এখানে বিক্রি করে তাঁরা লাভও করতে পারছেন।

দিল্লির জনকপুরীতে দিল্লি হাট-এ এই আম উৎসব শুরু হয়েছে। যা চলবে রবিবার পর্যন্ত। দিল্লি পর্যটন এই আম উৎসবের আয়োজক। প্রতিবছরই এই আম উৎসবে অংশ নেওয়ার জন্য উঁচিয়ে থাকেন আমপ্রেমীরা। এবার ৩৫ তম বর্ষে পা দিল দিল্লির এই আম মহোৎসব। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article