দ্বিতীয় বিয়ে করে স্বামীকে নিয়ে গ্রামে ঢুকলেন মহিলা, পরানো হল জুতোর মালা
স্বামী স্ত্রী ২ জনই ওই গ্রামের বাসিন্দা। তাঁরা বিয়ে করেছেন। গ্রামে ফেরেন ৩ বছর পর। গ্রামে ফিরতে মহিলাকে পরানো হয় জুতোর মালা।
৩ বছর আগে তাঁর গ্রামেরই এক যুবককে বিয়ে করেন এক মহিলা। তবে তাঁদের দাম্পত্য খুব বেশিদিন টেকেনি। ওই মহিলার সঙ্গে এরমধ্যেই সম্পর্ক গড়ে ওঠে ওই গ্রামেরই এক ব্যক্তির। মহিলা তাঁর স্বামীকে ছেড়ে ওই ব্যক্তির সঙ্গে চলে যান গ্রাম ছেড়ে।
২ জন পৌঁছে যান ইন্দোর শহরে। সেখানেই তাঁরা নতুন জীবন শুরু করেন। একসঙ্গে থাকতে শুরু করেন। পরে তাঁরা বিয়েও করেন। এরপর কেটে যায় ৩ বছর।
এই ৩ বছরে ওই গ্রামে পা দেননি দম্পতি। তাঁদের গ্রামে অবশেষে তাঁরা ফেরেন সম্প্রতি। একটি পারিবারিক জমি সংক্রান্ত বিষয়ে তাঁদের গ্রামে ফেরা। কিন্তু গ্রামে ঢোকার পর তাঁদের এক অযাচিত পরিস্থিতির মুখে পড়তে হয়।
ওই মহিলার প্রথম স্বামীর বাবা অর্থাৎ মহিলার প্রাক্তন শ্বশুরমশাই গ্রামের বেশ কয়েকজনকে একসঙ্গে জড়ো করে ওই দম্পতিকে ঘিরে ফেলেন। মহিলার পোশাক ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ।
এরপর তাঁকে একটি জুতোর মালা পরতে বাধ্য করা হয়। জুতোর মালা পরিয়ে গ্রাম ঘোরানো হয়। মহিলার স্বামীর ওপরও অত্যাচার চলে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের উজ্জয়িনীর হারনিয়াখেদা গ্রামে।
খবর পাওয়ার পর পুলিশ দ্রুত পদক্ষেপ করে। ১১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। এঁদের ৫ জনকে গ্রেফতারও করা হয়েছে। ৩ জন মহিলার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। যাঁরা পলাতক তাঁদের খুঁজে বার করার চেষ্টা করছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা













