কড়া সুরক্ষা বলয়ে ৯ হাজার কাশ্মীরি পণ্ডিত একসঙ্গে পাড়ি দিলেন তুলমুল গ্রামের দিকে
৯ হাজারের ওপর মানুষ একসঙ্গে পাড়ি দিলেন কাশ্মীরের উদ্দেশে। এঁরা অধিকাংশই কাশ্মীরি পণ্ডিত। জম্মু থেকে পাড়ি দেন তাঁরা। ছিল কড়া সুরক্ষা বন্দোবস্ত।
৯ হাজার মানুষ একসঙ্গে যাত্রা করলেন একটি গ্রামের উদ্দেশে। লক্ষ্য এক অতি পবিত্র আধ্যাত্মিক মেলায় অংশ নেওয়া। যেখানে পালিত হয় দেবী রাগন্যা-র জন্মদিন উৎসব। যেখানে সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা হাজির হন।
বাৎসরিক এই উৎসবের মাহাত্ম্য সবচেয়ে বেশি কাশ্মীরি পণ্ডিতদের কাছে। তাঁদের কাছে এই মাতা ক্ষীরভবানী মন্দির হিন্দির জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এক পরম তীর্থ।
কাশ্মীরের গান্ডেরবল জেলার তুলমুল গ্রামে রয়েছে মাতা রাগন্যা দেবীর মন্দির। এই দেবীর মন্দিরই মাতা ক্ষীরভবানী মন্দির নামে খ্যাত। এখানে হাজির হয়ে ভক্তরা দেবীকে ক্ষীর ও দুধ প্রসাদ হিসাবে নিবেদন করেন। এটাই রীতি।
এই মাতা ক্ষীরভবানী মেলায় অংশ নিতেই জম্মু থেকে ২০০টি সরকারি বাসে ৯ হাজার ভক্ত পাড়ি দিলেন। এঁদের অধিকাংশই কাশ্মীরি পণ্ডিত। মন্দিরের কাছে রয়েছে একটি ঝর্না। যার জলকে অতি পবিত্র বলে মনে করা হয়। কথিত আছে দেবী কোনও কারণে রুষ্ট হলে এ ঝর্নার জলের রং বদল হয়ে যায়।
প্রতিবছরই এখানে বহু ভক্তের ঢল নামে। তাই সুরক্ষা বন্দোবস্তও নিশ্ছিদ্র করা হয়েছে। এমনকি ৯ হাজার ভক্তকে নিয়ে পাড়ি দেওয়া বাসগুলির সুরক্ষাও নিশ্চিত করা হয়েছে। প্রসঙ্গত চলতি বছরে মাতা ক্ষীরভবানী মেলায় পুণ্যার্থীদের অংশগ্রহণ অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











