ভারতীয় দম্পতির অনন্য কীর্তি, ১১ ঘণ্টা সাঁতরে দেশের মাটি ছুঁলেন যুগলে
রেকর্ড তৈরি করলেন এক ভারতীয় দম্পতি। ১১ ঘণ্টা ধরে উত্তাল সমুদ্রের সঙ্গে লড়াই করে সাঁতরে দেশের মাটি ছুঁলেন ২ জনে।
তখনও ভোরের আলো ফোটেনি। ঘড়ির কাঁটায় ভোর সাড়ে ৪টে। অন্ধকার সমুদ্রে লাফ দেন এক দম্পতি। যৌবনের উদ্দীপনা আর কঠোর পরিশ্রমকে সঙ্গী করে তাঁরা সাঁতার কাটতে শুরু করেন।
অন্ধকার উত্তাল সমুদ্রে ভোর হয়। তাঁরা সাঁতার কাটতে থাকেন। প্রবল ঢেউ, তাল মিলিয়ে সামুদ্রিক কারেন্ট, হাওয়াও বইছে দারুণ গতিতে, এসবের সঙ্গে লড়াই চালিয়ে যান তাঁরা। কিন্তু সাঁতার থামাননি। লক্ষ্য তাঁদের ছুঁতেই হবে। পথও নির্দিষ্ট।
ওই পথেই তাঁরা দেশের মাটি ছুঁতে চান। ঐতিহাসিক রাম সেতু-র পথই তাঁদের সাঁতারের পথ। সেই সমুদ্র পথ ধরেই শ্রীলঙ্কার তালাইমান্নার থেকে সমুদ্রে সাঁতার শুরু তাঁদের। পক প্রণালী ধরে যে রাম সেতু পথ, সেই পথ ধরেই তাঁরা এগিয়ে আসতে থাকেন ভারতের রামেশ্বরমের ধনুষ্কোটির দিকে।
৩২ কিলোমিটার সমুদ্র পথ তাঁরা পাশাপাশি সাঁতার কেটে এগিয়ে যেতে থাকেন। সমুদ্র যতই উত্তাল হোক, একে অপরের পাশে পাশেই সাঁতার কাটতে থাকেন দানিশ আবদি এবং তাঁর স্ত্রী ভ্রুশালী প্রাসাদে। এভাবে ১০ ঘণ্টা ৪৫ মিনিট সাঁতার কেটে অবশেষে তাঁরা জল থেকে উঠে আসেন। উঠে আসেন তাঁদের নিজের দেশের মাটিতে, ধনুষ্কোটিতে।
তাঁরাই প্রথম কোনও দম্পতি যাঁরা শ্রীলঙ্কা থেকে সাঁতার কেটে ভারতে পৌঁছলেন। তাঁরা সাঁতার কাটার সময় অবশ্য চারধারে ছিল যথেষ্ট নজরদারি। যাতে তাঁদের যে কোনও সমস্যা থেকে উদ্ধার করা যায়।
অন্যদিকে এই লক্ষ্যপূরণ করতে ২ জনেই দীর্ঘদিন ধরে পরিশ্রম চালিয়ে গিয়েছেন। সেই অনুশীলন ফল দিয়েছে। রেকর্ড তৈরি করে শ্রীলঙ্কা থেকে ভারতে পৌঁছলেন ২ জনে।












