৩০ বছর পর ফিরে এল হিমালয়ের মাছ, ভরে উঠল হিমালয়ের বিখ্যাত দিঘি
৩০ বছর আগে এ মাছ হিমালয়ের একাধিক দিঘিতে দেখতে পাওয়া যেত। কিন্তু ক্রমে তা হারিয়ে যায়। ৩০ বছর পর ফের তা ফিরল হিমালয়ের দিঘিতে।
এ মাছ হিমালয়ের অংশ। এদের হিমালয়ের মাছ বলা হয়। স্বচ্ছ জলে তাদের বাস। যে জলে অক্সিজেনের অভাব নেই। সেখানে তারা নিশ্চিন্তে ঘুরে বেড়ায়। ৩০ বছর আগে নৈনিতাল, ভীমতাল, সাত্তাল, নৌকুচিয়াতাল সহ বেশ কয়েকটি দিঘিতে প্রচুর এই মাছ দেখতে পাওয়া যেত।
স্থানীয়রা এই মাছকে অসেলা বলে ডেকে থাকেন। এদের হিমালয়ে পাওয়া যায় বলে এদের হিমালয় কি মছলি বা হিমালয়ের মাছ বলেও ডাকা হয়। এ মাছের পোশাকি নাম স্নো ট্রাউট।
এই মাছকে ফের হিমালয়ে ফিরিয়ে নিয়ে আসতে উদ্যোগটা আগেই নিয়েছিলেন কুমায়ুন বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। তাঁরা জলেই এক বিশেষ ধরনের খাঁচা তৈরি করে সেখানে এই মাছের চাষ শুরু করেছিলেন। সেভাবেই এবার নৈনি লেক বা নৈনি দিঘির জলে ছাড়া হয়েছে এই মাছের চারা।
প্রায় ৩০০টি চারা মাছ ছাড়া হয়েছে। যাদের বিশেষভাবে জল বেঁধে রাখা হয়েছে যাতে তারা নিশ্চিন্তে তাদের জন্য সঠিক এমন জলে প্রাকৃতিক পরিবেশ ও তাপমাত্রায় বেড়ে উঠতে পারে। এভাবেই হিমালয়ের দিঘি থেকে হারাতে বসা এই স্নো ট্রাউট মাছ ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
এটা নৈনিতালের জলের বাস্তুতন্ত্রকেও ফিরিয়ে আনবে। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় মানুষ থেকে বিশেষজ্ঞ সকলেই। এখন দেখার, এই উদ্যোগ হিমালয়ের নৈনি দিঘিকে কতটা অসেলা মাছে ভরিয়ে তুলতে পারে।












