আমের মরসুমে চাষ জমির তলায় পাওয়া গেল বিরলতম আর্থ ম্যাঙ্গো
এক কৃষক তাঁর ক্ষেত জমির মাটি চষছিলেন। তখনই মাটির তলা থেকে বেরিয়ে আসে নীল রংয়ের আর্থ ম্যাঙ্গো। আমের মরসুমে বিজ্ঞানীরাও দেখার সুযোগ ছাড়লেন না।
কৃষকরা ক্ষেত জমি উর্বর করার জন্য তা চষে থাকেন। এতে মাটির ফলন ক্ষমতা বাড়ে। নিজের জমিতে এভাবেই এক কৃষক মাটি চষছিলেন। এতে মাটি কুপিয়ে ফেলতে হয়। ফলে নিচের মাটি উপরে উঠে আসে।
এমন করতে গিয়ে তিনি দেখেন মাটির তলা থেকে উঠে এল নীল রংয়ের কিছু ফল। ফলই তো! একটু ভাল করে পর্যবেক্ষণের পর ওই কৃষক বুঝতে পারেন ওগুলো আর্থ ম্যাঙ্গো। মানে মাটির আম। স্থানীয়দের কাছে নীলামাঙ্গা।
কেরালায় এগুলিকে আর্থ ম্যাঙ্গো বলা হয়। মাটির আম বলা হলেও তার সঙ্গে কিন্তু মোটেও আমের কোনও সম্পর্ক নেই। এগুলি মোটেও আম নয়। কোনও ফলও নয়। বরং একধরনের ছত্রাক।
ভিজে স্যাঁতস্যাঁতে মাটিতে যেখানে উইপোকার আধিক্য আছে সেখানে মাটির তলায় এই ছত্রাকের জন্ম হয়। কেরালাতেই এটির দেখা মেলে। তাও কদিচ কখনও। ফলে এটি অতি বিরলের দলে পড়ে।
কেরালার মানুষের প্রাচীন বিশ্বাস এই নীল ছত্রাক বা আর্থ ম্যাঙ্গো-র ওষধি গুণ রয়েছে। যদিও তা বিশ্বাস মাত্র। বিজ্ঞানীরা এই বিশ্বাসে সিলমোহর দেননি। তাঁরা মনে করছেন এগুলি ভাল করে পরীক্ষার প্রয়োজন রয়েছে। তবেই এর সম্বন্ধে জানতে পারা যাবে।
কিন্তু এতই কম পাওয়া যায় এই আর্থ ম্যাঙ্গো যে বিজ্ঞানীদের কাছেও এটি দুষ্প্রাপ্য। মাটির তলায় কোথায় যে সেগুলি হয়ে আছে তা মাটি না খুঁড়লে জানতেও পারা যায়না। তবে নামে ম্যাঙ্গো থাকলেও আমের সঙ্গে যে এর কোনও সম্পর্ক নেই তা পরিস্কার।












