২০ বছর পর একটি জঙ্গলে দেখা পাওয়া গেল রয়্যাল বেঙ্গল টাইগারের
২০ বছর আগে শেষবার তার দেখা পাওয়া গিয়েছিল। তারপর থেকে এ জঙ্গলে আর রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা পাওয়া যায়নি। অবশেষে ২০২৬-এ ফের ফিরল সে।
রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের গর্ব। তবে সুন্দরবন ছাড়াও এই রাজকীয় চালের বাঘের দেখা পাওয়া যায় দেশের নানা প্রান্তে। এ জঙ্গলেও তার দেখা পাওয়া যেত নিয়মিত। ২০০৫ সাল পর্যন্ত রয়্যাল বেঙ্গল টাইগার নজর কেড়েছিল অরুণাচল প্রদেশের ডি ইরিং মেমোরিয়াল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি-তে।
২০০৫ সালে সেই যে শেষবার রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা পাওয়া গিয়েছিল, তারপর আর এ বাঘের দেখা এই জঙ্গলে পাওয়া যায়নি। এরপর বিভিন্ন সময়ে জঙ্গলে বাঘের পায়ের ছাপের খোঁজ করা এবং গোপন ক্যামেরা দিয়ে নজরদারি চালিয়েও এ জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারের খোঁজ পাওয়া যায়নি।
এভাবে এই জঙ্গল থেকে বাঘ হারিয়ে যাওয়ার জন্য ১টি কারণকে সামনে আনা হয়েছিল। কারণ ছিল চোরাশিকার। সে সময় যে হারে চোরাশিকার হচ্ছিল তার জন্যই বাঘ এই জঙ্গল থেকে হারিয়ে যায় বলে মনে করা হত।
এরপর কেটে গেছে ২০ বছর। এরমধ্যে অরুণাচল প্রদেশের ডি ইরিং মেমোরিয়াল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি-তে আর কোনও বাঘের দেখা পাওয়া যায়নি। অবশেষে ফের রয়্যাল বেঙ্গল টাইগার ফিরে এল এই সবুজের মাঝে।
জঙ্গলে বন্যপ্রাণিদের গতিবিধির ওপর নজর রাখতে জঙ্গলে যে গোপন ক্যামেরা বসানো হয়, সেই ক্যামেরায় ২০২৬ সালে পৌঁছে ফের নজর কাড়ল রয়্যাল বেঙ্গল টাইগার। যা অবশ্যই বড় প্রাপ্তি। এতে সেখানে পর্যটকদের আসা যাওয়া বাড়বে বলেও আশাবাদী অনেকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা












