National

পশ্চিম এশিয়ার পরিস্থিতির জেরে ভাঙল সংসার, সন্তান কোলে বাড়ি ছাড়লেন স্ত্রী

পশ্চিম এশিয়ার পরিস্থিতির আঁচ এসে পড়ছে ভারত সহ অনেক দেশের ওপরই। তবে তার জন্য যে কারও সংসার ভাঙতে পারে তা এবার দেখা গেল।

পশ্চিম এশিয়ায় যা চলছে তাতে অনেক দেশই চিন্তায়। সরাসরি প্রভাব না পড়লেও গ্যাস, জ্বালানি তেল নিয়ে চিন্তার ভাঁজ পুরু হচ্ছে ভারতের প্রতিটি পরিবারে। জ্বালানি সাধারণ মানুষের না লাগলেও তা অপ্রতুল হলে তেলের দাম বৃদ্ধি হতে পারে। তার জেরে সব জিনিসের দাম বাড়তে পারে।

আর রান্নার গ্যাসের পরিস্থিতি তো নতুন করে কাউকে বলার দরকার নেই। রান্নার গ্যাস কবে পাবেন, কত দিন পর সিলিন্ডার আসছে, কতদিন পর বুকিং নিচ্ছে, এসবই এখন চর্চার নিউক্লিয়াসে পরিণত হয়েছে।

এই অবস্থায় রাতের ডিউটি সেরে সকাল ৮টা নাগাদ বাড়ি ফিরেছিলেন অনিল কুমার। বাড়িতে তাঁর স্ত্রী ও সন্তান রয়েছে। সুমন দেবীর সঙ্গে তাঁর বিয়ে হয়েছে ২ বছর হয়েছে। তাঁদের একটি ৫ মাসের সন্তান রয়েছে।

বাড়ি ফিরে অনিল স্ত্রীকে খাবার দিতে বলেন। স্ত্রী সাফ জানিয়ে দেন তিনি রাঁধেননি। কারণ বাড়িতে গ্যাস নেই। তাঁর পক্ষে উনুনে রান্না করা সম্ভব নয়। অনিল যদি গ্যাস ভরে আনেন তাহলেই রান্না হবে।

গ্যাসের এখন যা পরিস্থিতি তাতে ওভাবে চাইলেই যে গ্যাস সিলিন্ডার পাওয়া যাবেনা তা এখন সারা ভারতের জানা। পশ্চিম এশিয়ার পরিস্থিতি তার জন্য দায়ী। কিন্তু অনিলের দাবি, তাঁর স্ত্রী এসব কিছুই শুনতে চাননি। তাঁদের মধ্যে ঝগড়াও হয়।

এরপর না খেয়েই শুতে চলে যান অনিল। ঘুম থেকে উঠে দেখেন তাঁর স্ত্রী বাড়িতে নেই। তিনি ৫ মাসের সন্তানকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেছেন। চারিদিকে খোঁজ করেও স্ত্রী ও সন্তানের কোনও খোঁজ পাননি অনিল। অগত্যা তিনি থানায় নিখোঁজ ডায়েরি করেন।

কিন্তু কয়েকদিন কাটলেও তাঁর স্ত্রী ও সন্তানের কোনও খোঁজ নেই। তাঁর ভুল হয়েছে বলে জানিয়ে স্ত্রীকে বাড়ি ফিরে আসার জন্য সমাজ মাধ্যমে জানিয়েছেন অনিল কুমার। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বারাবাঁকির খাটোলি গ্রামে।

Show Full Article
nilkantho.in app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *