জ্বালানি রক্ষা, ওয়ার্ক ফ্রম হোম, বিদেশ ভ্রমণ নয়, একগুচ্ছ আবেদন প্রধানমন্ত্রীর
দেশবাসীর কাছে পেট্রোল, ডিজেল বাঁচানোর আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। বিদেশি মুদ্রার অপচয় থেকে অযথা খরচ এড়িয়ে যেতে পরামর্শ দিলেন তিনি। দিলেন ওয়ার্ক ফ্রম হোমের পরামর্শও।
পশ্চিম এশিয়া পরিস্থিতি বিশ্বজুড়ে যে অবস্থার সৃষ্টি করছে তাতে যে ভারতের সতর্ক হওয়ার সময় এসে গেছে তা এদিন কার্যত পরিস্কার করে দিলেন প্রধানমন্ত্রী। এদিন তিনি জানান, দেশপ্রেম অর্থনীতিকে বাঁচানোর মধ্যেও নিহিত রয়েছে। সাধারণ মানুষকে জ্বালানি বাঁচানোর পরামর্শ দিয়েছেন তিনি।
ভারত পেট্রোল, ডিজেলের ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ নয়। পেট্রোল, ডিজেল থেকে রান্নার গ্যাস, আমদানি করতে হয় অন্য দেশ থেকে। তাই জ্বালানি বাঁচাতে ট্রেন, মেট্রো, বাসে যাতায়াত করার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী। অর্থাৎ গাড়ি ব্যবহার কমাতেই বলছেন প্রধানমন্ত্রী। সে জায়গায় কার পুল বাড়ানোর পরামর্শ দেন তিনি। এমনকি সম্ভব হলে করোনার সময় যেমন ওয়ার্ক ফ্রম হোম করছিলেন অনেকে, সেই অভ্যাস ফিরিয়ে আনার আবেদন জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বিশ্বজুড়ে যেভাবে পেট্রোল, ডিজেলের দাম বাড়ছে তাতে এসব জ্বালানির ব্যবহার কমাতে পারলে ভারতকেও বিদেশ থেকে পেট্রোল, ডিজেল কম কিনতে হবে। তাতে বিদেশি মুদ্রা বাঁচবে। পেট্রোল, ডিজেল চালিত গাড়ির চেয়ে বরং ইলেকট্রিক চালিত গাড়িতে বেশি জোর দিতে বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী এদিন আরও বলেন, বাজে খরচ কমানোর দিকে সকলকেই নজর দিতে হবে। বিদেশে ঘুরতে যাওয়া বা বিদেশে বিয়ে করতে যাওয়া থেকে বিরত থাকাই ভাল। দেশে বিদেশি মুদ্রার মজুত যতটা ধরে রাখা যায় ততই ভাল।
এমনকি অযথা সোনা কেনা থেকেও বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। সেকেন্দ্রাবাদে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, বিশ্বজুড়ে অর্থনৈতিক পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে দেশবাসীকে একসঙ্গে এগিয়ে এসে পরিস্থিতির মোকাবিলা করতে হবে। দেশে বাড়তে থাকা জিনিসের দাম নিয়ে সতর্ক হতে হবে। দেশের দুঃসময়ে দেশবাসীর একজোট হয়ে পাশে থাকাও দেশপ্রেম, একথা মনে করিয়ে দেন তিনি। দেশে তৈরি জিনিস কেনায় জোর দিতেও আহ্বান জানান প্রধানমন্ত্রী।
দেশের প্রতিটি পরিবারেই ভোজ্য তেল দরকার পড়ে। সেই ভোজ্য তেলের ব্যবহার কমানোর আবেদনও জানান প্রধানমন্ত্রী। এতে দেশের অর্থনীতিও বাঁচবে, আবার কম তেল খেলে তা স্বাস্থ্যকরও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা












