SciTech

৪৫০০ বছর আগের মহেঞ্জোদারোয় কমেছিল ধনী দরিদ্রের অসাম্য, বাড়িতে মিলল ইঙ্গিত

সাড়ে ৪ হাজার বছরের পুরনো মহেঞ্জোদারোয় ধনী দরিদ্রের ব্যবধান কমার ইঙ্গিত পেলেন বিজ্ঞানীরা। আর সেই ইঙ্গিত দিল সেখানকার বাড়ির আয়তন।

হাজার হাজার বছর আগের এক বিশাল শহর। প্রশস্ত রাস্তা, পরিকল্পিত বাড়িঘর, উন্নত নিকাশি ব্যবস্থা। সেই শহরে ধনী এবং দরিদ্র মানুষের ব্যবধান কি সময়ের সঙ্গে বাড়ছিল, নাকি কমছিল? সিন্ধু সভ্যতার মহেঞ্জোদারো সম্পর্কে নয়া গবেষণায় উঠে এসেছে এই জিজ্ঞাসার বিস্ময়কর উত্তর।

সাধারণত মনে করা হয়, শহর যত বড় হয়, সম্পদ এবং সুযোগজনিত বৈষম্য ততই বাড়ে। অথচ প্রায় সাড়ে ৪ হাজার বছরের প্রাচীন মহেঞ্জোদারোর প্রত্নতাত্ত্বিক তথ্য অন্য একটি সম্ভাবনার ইঙ্গিতবাহী।

গবেষকেরা পুরনো আমলের খননকার্যের নথি খতিয়ে দেখে বিভিন্ন সময়কালের বাড়িগুলির আয়তনের পরিমাপের ভিতর তুলনা টেনেছেন। এরপর গিনি সহগ নামাঙ্কিত একটি বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মেপেছেন আবাসনগুলির ফারাক। এক্ষেত্রে সহগ যত কম, বাড়িগুলির আয়তনে অসাম্যও ততই কম।

গোটা শহরের আবাসনভিত্তিক গিনি সহগ ০.৪৪ হলেও শহরের একটি নির্দিষ্ট এলাকায় মিলেছে আরও চমকপ্রদ তথ্য। যেমন, মহেঞ্জোদারোর ডিকে-জি সাউথ অঞ্চলে দেখা গিয়েছে, খ্রিস্টপূর্ব প্রায় ২১০০ শতকের মধ্যে এই সহগ নেমেছিল ০.২৩-এ। অর্থাৎ ওই অঞ্চলে সময়ের সঙ্গে বড় এবং ছোট বাড়িগুলির আয়তনের ব্যবধান কমেছিল।

একই সময়ে শহরের রাস্তার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন বসতি গড়ে ওঠার প্রমাণ মিলেছে। গবেষকদের ধারনা, নাগরিক পরিকাঠামো এবং সম্মিলিতভাবে শহর পরিচালনা সংক্রান্ত কোনও ব্যবস্থা সম্ভবত বৈষম্য নিয়ন্ত্রণে সেকালে কার্যকরি হয়েছিল। তবে এই ব্যাখ্যা চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে মান্যতা পায়নি।

বাড়ির আয়তন দিয়ে মানুষের প্রকৃত আয় অথবা সম্পদের সবটুকু বোঝা যায়না। তাছাড়া একটি অঞ্চলের ফলাফল গোটা শহরের বিচারে একই ছিল কিনা তা নিয়ে আরও পরীক্ষা নিরীক্ষা চালানো প্রয়োজন।

Show Full Article