১৬ বছরের কিশোরীর শরীরে অশালীন স্পর্শ করে আটক রোবট
রোবটকেও পুলিশে ধরে। তার উদাহরণ পাওয়া গেল। অভিযোগও গুরুতর। এক ১৬ বছরের কিশোরীকে অশালীন স্পর্শ করে রোবটটি। খবর পেয়ে পুলিশ রোবটটিকে আটক করে।
এক কিশোরী বন্ধুদের সঙ্গে একটি ফাস্টফুডের দোকানের সামনে দাঁড়িয়ে ছিল। রাতের দিকের ঘটনা। সে সময় ওই কিশোরী অনুভব করে তার নিতম্বে কারও হাত। চমকে দেখে আরও আশ্চর্য হয়ে যায় সে। কোনও মানুষ নয়। একটি রোবট তার নিতম্বে অশালীন স্পর্শ করেছে।
শুধু তাই নয়, রোবটটি তার শরীরের সঙ্গে আরও লিপ্ত হওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। কিশোরী এটা বোঝার সঙ্গে সঙ্গে নিজেকে রক্ষা করতে দ্রুত রোবটের থেকে নিজেকে ছাড়িয়ে দূরে সরে যায়। বিষয়টিতে রীতিমত ঘাবড়ে যায় কিশোরী। পরে পুলিশে খবর যায়। পুলিশ এসে অভিযুক্ত রোবটটিকে আটক করে।
ঘটনাটি ঘটেছে জার্মানির কোলন শহরে। সেখানকার পুলিশ সমাজ মাধ্যমে জানিয়েছে যে রোবটটিকে তারা আটক করেছে সেটি ১২০ সেন্টিমিটার লম্বা। কি ঘটেছে তাও জানায় পুলিশ।
রোবটটি সোনালি ও লাল রংয়ের। তবে পুলিশ কেবল রোবটটিকেই আটক করেনি। সেই রোবট নিয়ন্ত্রণ করা হচ্ছিল বলেও মনে করছে তারা। সন্দেহে এক ১৬ বছরের কিশোর ও এক ১৯ বছরের কিশোরকে আটক করেছে তারা।
এই ২ কিশোরই রোবটটিকে নিয়ন্ত্রণ করে একাজ করিয়েছে বলে সন্দেহ করছে পুলিশ। পুরো ঘটনার তদন্তও শুরু হয়েছে। এই ঘটনা যখন ঘটছিল তখন তার ছবি তোলাও হয়।
আর ওই ২ কিশোরই ছবি তুলছিল বলে জানতে পেরেছে কোলন পুলিশ। সংবাদমাধ্যম বিবিসি সহ বিভিন্ন সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হওয়ার পর বিশ্বের নানা প্রান্তের মানুষের নজর কেড়েছে এই সংবাদ।











