উজ্জ্বলা যোজনার গ্রাহকদের বাৎসরিক ভর্তুকি যুক্ত গ্যাস সিলিন্ডার সংখ্যা কমে ৪
বিশ্ব জুড়ে বাড়তে থাকা জ্বালানির দামের আঁচ এবার এসে পড়ল উজ্জ্বলা যোজনার গ্রাহকদের ওপর। বাৎসরিক ভর্তুকি যুক্ত রান্নার গ্যাসের সংখ্যা কমাল কেন্দ্র।
উজ্জ্বলা যোজনার গ্রাহকদের বড় ধাক্কার সম্মুখীন হতে হল। বিশ্ব জুড়ে বাড়তে থাকা জ্বালানির দামের কারণে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। উজ্জ্বলা যোজনার গ্রাহকরা বছরে ৯টি সিলিন্ডার পেতেন ৩০০ টাকা ভর্তুকিতে। বছরে প্রথম যে ৯টি ১৪.২ কেজির সিলিন্ডার তাঁরা পেতেন তাতে ৩০০ টাকা ভর্তুকি দিত সরকার।
উদাহরণ হিসাবে দিল্লিতে যেখানে একজন সাধারণ গ্রাহককে রান্নার ১৪.২ কেজির গ্যাস সিলিন্ডারের জন্য এখন দিতে হচ্ছে ৯৪২ টাকা, সেখানে দিল্লির উজ্জ্বলা যোজনার গ্রাহকরা ভর্তুকি পেয়ে তা পাচ্ছিলেন ৬৪২ টাকায়। এই ভর্তুকি যুক্ত সিলিন্ডার তাঁরা বছরে ৯টা পাচ্ছিলেন। তবে আগামী দিনে সেটা কমে হল ৪টে।
বছরে প্রথম যে ৪টে সিলিন্ডার তাঁরা নেবেন তার জন্য তাঁরা ৩০০ টাকা সরকারি ভর্তুকি পাবেন। কিন্তু তারপর গ্যাস সিলিন্ডার নিতে গেলে আর কোনও ভর্তুকি তাঁরা পাবেননা। কার্যত অর্ধেকের নিচে নেমে গেল উজ্জ্বলা যোজনার গ্রাহকদের বাৎসরিক ভর্তুকি যুক্ত গ্যাস সিলিন্ডার প্রাপ্তির সংখ্যা।
বিশ্ব জুড়ে জ্বালানির দাম বাড়ছে। সেকথা মাথায় রেখেই উজ্জ্বলা যোজনায় ভর্তুকি যুক্ত গ্যাস সিলিন্ডারে এই কাটছাঁট বলে কেন্দ্রের তরফে স্পষ্ট করা হয়েছে। প্রসঙ্গত এখন বাড়িতে বাড়িতে রান্নার গ্যাস পৌঁছে দিতে ৭০০ টাকার মত আর্থিক ক্ষতি এমনিতেই বহন করতে হচ্ছে তেল সংস্থাগুলিকে।
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা বা পিএমইউওয়াই-র আওতাভুক্ত পরিবার পিছু আগামী দিনে বছরে ১ হাজার ২০০ টাকা ভর্তুকি গুণতে হবে সরকারকে। অন্যদিকে উজ্জ্বলা যোজনায় এতদিন বছরে যাঁরা ৯টি গ্যাস সিলিন্ডারে ৩০০ টাকা করে সাশ্রয় করতে পারছিলেন, তাঁদের আর্থিক বোঝা বাড়ল।











