World

রোমের রাস্তায় পর্যটকদের নিয়ে ঘুরে বেড়াচ্ছে ভারতের হোহো বাস

দেশের সংস্কৃতি ও পর্যটনকে ইতালির রাজপথে ছড়িয়ে দিতে পর্যটকদের নিয়ে শহর ঘোরা শুরু করল ভারতের হোহো বাস। অভিনব এ উদ্যোগের কারণও রয়েছে।

ভারতের সংস্কৃতি ও পর্যটন সম্বন্ধে ইতালির মানুষকে আরও ভাল করে অবহিত করতে অভিনব উদ্যোগ নিল ভারত। রোমের রাজপথে বার হল একটি বাস। লাল পর্যটন বাস। পর্যটকদের রোম শহরের বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখাচ্ছে এই বাস।

একাধিক ভাষায় ভারতের সংস্কৃতি ও পর্যটন সম্বন্ধে সকলকে জানাচ্ছে। বাসটির নাম হপ অন হপ অফ বাস। যাকে ছোট করে বলা হচ্ছে এইচওএইচও বা হোহো বাস। এমন একটি নয়, একাধিক বাস রোমের রাজপথে এখন ঘুরছে। অনেকের নজরও কাড়ছে এই বাস।

এই বাসকে রোমের রাস্তায় ঘোরানোর পিছনে কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী আগামী ১৯ থেকে ২১ মে ইতালি সফরে যাচ্ছেন। ২০২৪ সালে জি৭ সম্মেলনে যোগ দিতে শেষবার ইতালি গিয়েছিলেন তিনি। তারপর ২০২৬-এ তিনি ফের যাচ্ছেন ইতালি।

সেখানে ইতালির রাষ্ট্রপতি সের্গিও মাত্তারেল্লা-র সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। বৈঠক করবেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি-র সঙ্গেও। ২০২৫-২৯-এর যৌথ দ্বিপাক্ষিক সহযোগিতার পরিকল্পনার রূপরেখা তৈরি হবে প্রধানমন্ত্রীর এই সফরে।

ইতালি এখন ভারতকে কেবল একটি বড় বাজার হিসাবে নয়, বরং ইউরোপের সঙ্গে সম্পর্কের অপরিহার্য অংশ বলে মনে করছে। তাই ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করার লক্ষ্যে এগোচ্ছে ইউরোপের এই অন্যতম প্রধান দেশ।

এক্ষেত্রে অবশ্যই দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কও গুরুত্ব পাবে। প্রসঙ্গত ইতালিতে এখনও পর্যন্ত ভারতের দিক থেকে সবচেয়ে বড় বিনিয়োগ করেছে টাটা মোটরস। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article