অস্ট্রেলিয়ার তৈলবীজ নিয়ে এই প্রথম কলকাতা থেকে নেপাল পৌঁছল ট্রেন, লেখা হল ইতিহাস
ভারতীয় রেলের ইতিহাসে যুক্ত হল নতুন পালক। আর সেই যাত্রায় নাম জুড়ল কলকাতার। এই প্রথম ভারত থেকে এমন একটি ট্রেন পৌঁছল নেপালে।
নেপালের বিরাটনগর কাস্টমস ইয়ার্ডে পৌঁছে গেল কলকাতার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর থেকে যাত্রা করা পণ্যবাহী ট্রেন। এটাই ভারত ও নেপালের মধ্যে প্রথম পণ্যবাহী ট্রেন যাত্রা। এই প্রথম কোনও পণ্যবাহী ট্রেন কলকাতা থেকে নেপালে পৌঁছল। সঙ্গে নিয়ে গেল ৪০টি ওয়াগন।
যেগুলিতে ভরা ছিল কানোলা। কানোলা হল একধরনের তৈলবীজ। যা থেকে তেল তৈরি হয়। যাকে সাধারণ মানুষ রেপসিড তেল বলে চেনেন। সেই রেপসিড তেলের বীজ কানোলা এসেছিল অস্ট্রেলিয়া থেকে।
অস্ট্রেলিয়া থেকে তা কলকাতার বন্দরে এসে ঠেকে। তারপর সেখান থেকে ৪০টি ওয়াগন ভর্তি করে পণ্যবাহী ট্রেনটি পাড়ি দেয় নেপালের বিরাটনগরের দিকে।
নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলের তরফে এই ঐতিহাসিক যাত্রাকে সীমানা পার পণ্যপরিবহনের ক্ষেত্রে এক ঐতিহাসিক মুহুর্ত বলে ব্যাখ্যা করা হয়েছে। এই পদক্ষেপের মধ্যে দিয়ে ভারত ও নেপাল ২ দেশের মধ্যে পণ্যপরিবহন একটা নতুন দিশা পেল।
যা এই ২ প্রতিবেশি দেশের মধ্যে শুধু পণ্যপরিবহনই নয়, সম্পর্ককেও সুদৃঢ় করবে। এখানে তৈলবীজটি কিন্তু ভারত পাঠাল না। ভারত কেবল সেই যোগসূত্রের কাজটা করল যা নেপালে ওই বিপুল পরিমাণ তৈলবীজ পৌঁছে দিল মাত্র।
গত ১৮ জুলাই এই ট্রেনটি কলকাতা থেকে যাত্রা করে নেপালের উদ্দেশে। এই একটি পণ্যবাহী ট্রেনের সফর এক নতুন অধ্যায় শুরু করল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা












