National

ভাই বোনের বন্ধনকে আরও সুন্দর করতে অভিনব পদক্ষেপ নিল ৩৪টি ডাকঘর

এমন উদ্যোগ অভিনব এবং সুন্দর। আর সে উদ্যোগ নিল ৩৪টি ডাকঘর। যারা ভাই বোনের সম্পর্ককে সুদৃঢ় করতে মন ভাল করা পদক্ষেপ করল।

ভাই বোনের সম্পর্ক চিরন্তন। ভালবাসা, খুনসুটিতে ভরা এই রক্তের সম্পর্কের উদযাপনের দিন এগিয়ে আসছে। ভারতে ভাই বোনের সম্পর্ক উদযাপনের জন্য পালিত হয় রাখিবন্ধন উৎসব। পালিত হয় ভাইফোঁটা বা ভাই দুজ।

রাখিবন্ধন উৎসব পালিত হতে চলেছে ২৮ অগাস্ট। যে উৎসবে ভাইয়ের হাতে রাখি পরিয়ে দেয় বোন। সুন্দর এই সম্পর্ক একটা দিনকে সামনে রেখে নতুন রূপ পায়। পালিত হয় ভাই বোনের দিন।

কিন্তু আজকের এই গতির দুনিয়ায় ভাই বোনেরা অনেকেই একে অপরের থেকে অনেক দূরে। কেউ পড়তে দূরে, কেউ চাকরি করতে, কেউ আবার বৈবাহিক সূত্রে একে অপরের থেকে দূরে।

কিন্তু এই দূরত্ব কি রাখিবন্ধনে প্রতিবন্ধ হতে পারে? আজকের দুনিয়ায় অনেক বোনই দূরে থাকা ভাইকে ডাক মারফত রাখি প্রেরণ করেন। ফোনে বা ভিডিও কলে কিছুটা সময় ভাই বোনে কাটান পুরনো গল্প, ঠাট্টা, খুনসুটি করে।

ভাই বোনের এই উৎসবকে উদযাপন করার ক্ষেত্রে যাতে দূরত্ব বাধা না হয় সেজন্য দিল্লির ৩৪টি ডাকঘরে বিশেষ উদ্যোগ নিয়েছে ডাকবিভাগ। এই বাছাই করা ৩৪টি পোস্টঅফিস বা ডাকঘরে বিশেষ কাউন্টার খোলা হয়েছে। যেখান থেকে অন্যত্র থাকা ভাইকে রাখি পাঠানো যাবে।

ওই কাউন্টার থেকে অন্য কোনও কাজ ২২ অগাস্ট পর্যন্ত হবেনা। রাখির চিঠি প্রেরণ করা যাবে ওই কাউন্টার থেকে। সেখান থেকে রাখির ঠিক আগেও রাখি পাঠানোর সুবিধা থাকছে। তবে সেটা পাওয়া যাবে ডাকঘরের ২৪ স্পিড পোস্ট বা ৪৮ স্পিড পোস্টে। সঠিক সময়ের মধ্যে যাতে নির্দিষ্ট স্থানে রাখি পৌঁছে যেতে পারে তার নিশ্চয়তাও দিচ্ছে ডাকঘর।

কেবল পোস্টঅফিস নয়, দিল্লি রেলস্টেশন এবং নিউ দিল্লি রেলস্টেশনেও বিশেষ কাউন্টারের ব্যবস্থা করেছে ডাকবিভাগ যাতে রাখির চিঠি সঠিকভাবে সঠিক সময়ে গন্তব্যে পৌঁছতে পারে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article
nilkantho.in App