SciTech

মানুষ গাছে ঘোরা ছেড়ে মাটিতে ২ পায়ে হাঁটা শুরু করেছিল কবে, উত্তরের কাছে পৌঁছলেন বিজ্ঞানীরা

মানুষ একসময় গাছে গাছে লাফিয়ে বেড়াতে সক্ষম ছিল। একটা সময়ের পর তারা মাটিতে ২ পায়ে হাঁটা শুরু করে। সেটা কবে। সে উত্তরের কাছে পৌঁছে দিল লুসি।

মানুষ এখন যেমন দেখতে বা তাদের চলাফেরা যেমন তা চিরকাল ছিলনা। লক্ষ লক্ষ বছর ধরে বিবর্তনের হাত ধরে এখনকার মানুষ বা হোমো স্যাপিয়েন্স তৈরি হয়েছে।

মানুষ একটা সময় ছিল হোমিনিন। তাদের তখন মুখ হাত দেহ ছিল কতকটা বাঁদরের মত। যাদের বনমানুষ বললেও খুব ভুল হবেনা। সে সময় তারা অনায়াসে গাছে গাছে লাফিয়ে বেড়াতে পারত। যে প্রশ্নটা বিজ্ঞানীদের তাড়া করে বেড়ায় সেটা হল কবে মানুষ গাছে গাছে ঘোরা ছেড়ে মাটিতে ২ পায়ে হাঁটাচলা শুরু করল?

মানুষের পূর্বপুরুষদের সেই অজানা কথার খোঁজ করতে বিজ্ঞানীদের সাহায্য করেছে লুসি। হোমিনিনের ৩২ লক্ষ বছর পুরনো এক জীবাশ্ম। তার দেহের অঙ্গপ্রত্যঙ্গ বিশ্লেষণ করে বিজ্ঞানীরা অনেক চেষ্টা চালিয়েছেন মানুষের বিবর্তনের ধারা ও তাদের হাঁটা শুরু করার কথা জানতে।

আর সেটা জানার লড়াই চালাতে গিয়ে অনেকটাই কাছে পৌঁছতে পেরেছেন বিজ্ঞানীরা। উত্তর যেটা পেয়েছেন বিজ্ঞানীরা সেটা হল আদি মানব একদিনে গাছে গাছে লাফানো থেকে ২ পায়ে হাঁটতে শুরু করেনি।

বরং একটা দীর্ঘ সময় এমন কেটেছে যেখানে প্রজন্মের পর প্রজন্ম গাছে গাছে লাফাতে যেমন দক্ষ ছিল, তেমনই তারা ক্রমে মাটিতে হাঁটাও শুরু করেছিল। তাও আবার ২ পায়ে।

কিন্তু এই গাছে থাকা এবং মাটিতে হাঁটা ২টোই একসঙ্গে চালাতে থাকে বহু প্রজন্ম। যতই মাটিতে ২ পায়ে তারা হাঁটতে শেখা আয়ত্ত করতে থাকুক না কেন, গাছে থাকা, গাছে গাছে ঘোরা কিছুই আদি মানবরা সহজে ছাড়েনি।

হতে পারে তার কারণ ছিল নিজেদের সুরক্ষিত রাখা, সহজে খাবার পাওয়া এবং নিশ্চিন্ত বিশ্রামের জায়গা হিসাবে গাছকে বেছে নেওয়া। তাই ঠিক কবে মানুষ গাছের ডালপালা সম্পূর্ণ ছেড়ে মাটিতে হাঁটা শুরু করেছিল তা স্পষ্ট নয়। তবে তা যে হাজার হাজার প্রজন্ম ধরে দীর্ঘ এক বিবর্তনের হাত ধরে হয়েছিল তা পরিস্কার বিজ্ঞানীদের কাছে।

Show Full Article