হিমবাহের বড় ক্ষতি করছে মানুষের প্রস্রাব, এভারেস্ট নিয়ে নতুন চিন্তা বিশেষজ্ঞদের
হিমবাহ গলে যাচ্ছে। হিমবাহের এই গলনের জন্য উষ্ণায়নকে দায়ীও করা হচ্ছে। কিন্তু এর পিছনে মানুষের প্রস্রাবের অবদানও কম নয়। এভারেস্টে নতুন চিন্তা।
প্রতিবছর হিমালয়ের অন্যতম ব্যস্ত এলাকা হয়ে ওঠে এভারেস্ট বেস ক্যাম্প। যেখানে পর্বতারোহী ও শেরপারা তো বটেই, তার সঙ্গে হাজির হন অনেক ট্রেকার, পর্যটকও।
পর্বতারোহীরা এভারেস্ট জয় করতে এগিয়ে যান। আর যাঁরা এভারেস্ট জয় নয়, কেবল এভারেস্ট বেস ক্যাম্প দেখতে হাজির হন তাঁরা সেখানে ঘোরার পর ফের নিচে নেমে আসেন। ফলে এভারেস্ট বেস ক্যাম্প পাহাড়ে চড়ার মরসুমে অন্যতম ব্যস্ত অঞ্চল হয়ে ওঠে।
এই ব্যস্ততা কিন্তু কাছের খুম্বু হিমবাহকে গলিয়ে দিচ্ছে। যা বিশেষজ্ঞদের চিন্তার কারণ হয়ে উঠেছে। হিমবাহ যেমন বিশ্ব উষ্ণায়ন বা জ্বালানি তেলের ব্যবহারের কারণে গলছে তেমনই গলছে আরও একটি কারণে।
বিশেষজ্ঞেরা জানাচ্ছেন হিমবাহ গলার আরও একটি কারণ মানুষের প্রস্রাব। এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছনো মানুষজন সেখানেই আশপাশে প্রস্রাব করছেন। আর প্রস্রাবের উষ্ণতা হিমবাহকে ছুঁয়ে তাকে দ্রুত গলতে সাহায্য করছে।
এভারেস্ট বেস ক্যাম্পে আসা মানুষজন প্রতিদিন প্রায় ৬ হাজার লিটার মূত্রত্যাগ করছেন এখানে। যা সরাসরি খুম্বু হিমবাহের গলনে প্রভাব ফেলছে। এমনই জানিয়েছেন গবেষকেরা।
এভারেস্ট বেস ক্যাম্পে প্রতিদিন প্রায় দেড় হাজারের ওপর মানুষ ক্যাম্পে থাকেন। সেখানে বিদ্যুৎ তৈরি, খাবার রান্না করা বা শরীর গরম করার জন্য যথেষ্ট পরিমাণে গ্যাস, কেরোসিন ব্যবহার হতে থাকে। যা থেকে তৈরি উষ্ণতাও হিমবাহটির বড় ক্ষতি করে চলেছে। এ নিয়ে সতর্ক করেছেন গবেষকেরা।













