SciTech

বিজ্ঞানীরাও উত্তর পাচ্ছেন না, উল্টোদিকে ছুটল পৃথিবীর তলার গলিত লোহা

এতদিন বিজ্ঞানীরাও জানতেন যে পৃথিবীর তলায় গলিত লোহার স্তর রয়েছে। কিন্তু সেই গলিত লোহা যে আচমকা উল্টোদিকে ছুটবে তা দেখে তাঁরাও অবাক।

পৃথিবীর উপরিস্তর থেকে বেশ কিছুটা নিচে রয়েছে একটি গলিত লোহার স্তর। এই স্তর রয়েছে পৃথিবীর উপরিস্তরের ২ হাজার ২০০ কিলোমিটার নিচে। একে আউটার কোর বলে ধরা হয়। এখানে যে গলিত লোহা রয়েছে তা সাধারণভাবে পশ্চিমমুখী ধারায় চলতে থাকে।

যা পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্র তৈরি করে। যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ইএসএ-এর কৃত্রিম উপগ্রহ থেকে পাওয়া চিত্রে বিজ্ঞানীরা দেখেছেন ওই স্তরে একটি আশ্চর্য ঘটনা ঘটছে।

প্রশান্ত মহাসাগরের তলদেশের নিচে পৃথিবীর যে আউটার কোর রয়েছে সেখানে থাকা গলিত লোহা আচমকা উল্টোদিকে বইছে। এমনটা যে হতে পারে সে ধারনাই বিজ্ঞানীদের ছিলনা।

ফলে এই কাণ্ড অবাক করেছে তাঁদের। শুধু তাই নয়, বিজ্ঞানীরা এর কারণও খুঁজে পাচ্ছেন না। তাই কেন এমনটা ঘটেছে তার সঠিক ব্যাখ্যা বিজ্ঞানীদের কাছেও নেই।

এই উল্টো দৌড় কি আগামী দিনে পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রের জন্য কোনও ক্ষতির কারণ হতে পারে? এমন প্রশ্ন উঠতেই পারে। সবচেয়ে বড় কথা এটা কেন হয়েছে সেই কারণটা পরিস্কার হওয়া জরুরি।

তবে ২০১০ সাল থেকেই এই গলিত লোহার পশ্চিমমুখী স্রোতে একটা মন্থরতা খুঁজে পাওয়া গিয়েছিল। বরং ওই স্রোতের মধ্যে একটা পূর্বমুখী প্রবণতা নজর কেড়েছিল বিজ্ঞানীদের।

সব মিলিয়ে তাঁরা এখন এই গলিত লোহার স্তরের খামখেয়ালি আচরণের কারণ খুঁজতে ব্যস্ত। যা আগামী পৃথিবীর পরিবর্তনশীল সম্ভাবনার গতি প্রকৃতি জানার জন্যও জরুরি। বিভিন্ন বিজ্ঞান সম্বন্ধীয় পত্রিকা এবং ম্যাগাজিনে প্রকাশিত এই খবরটি আলোড়ন ফেলেছে।

Show Full Article
nilkantho.in App