SciTech

৩ হাজার ডাইনোসরের ডিম রক্ষা করতে নতুন আস্তরণের ব্যবস্থা

ডাইনোসরের যেমন জীবাশ্ম নানা প্রান্তে পাওয়া যায়, তেমনই ডাইনোসরের ডিমের জীবাশ্মও উদ্ধার হয়। এমনই বেশ কয়েকটি ডিমকে রক্ষা করতে দেওয়া হল নতুন প্রলেপ।

ডাইনোসর নিয়ে পরীক্ষা, সিনেমা, কল্পকাহিনি, কোনও কিছুই বাদ যায়না। প্রাগৈতিহাসিক কোনও প্রাণি যদি মানুষের মনের অনেকটা জুড়ে থাকে, চর্চার প্রাণকেন্দ্রে থাকে, তাহলে সেটা অবশ্যই ডাইনোসর।

ডাইনোসরের জীবাশ্ম পাওয়া গেলেই তা রক্ষণাবেক্ষণের ব্যবস্থা হয়। তার পরীক্ষা শুরু করেন গবেষকেরা। যা থেকে অনেক তথ্যও পাওয়া যায়। ডাইনোসরের ডিমের জীবাশ্মও নানা জায়গায় পাওয়া যায়।

যেমন চিনের হুবেই প্রদেশে সিয়ান নামে জায়গায় ডাইনোসরের প্রায় ৩ হাজার ডিমের সন্ধান পাওয়া গিয়েছে। ৬ হাজার বর্গ মিটারের ওপর জায়গা জুড়ে ছড়িয়ে আছে এই ডাইনোসরের ডিমের জীবাশ্ম। যার বয়স প্রায় সাড়ে ৮ কোটি বছর।

এই ডিমের জীবাশ্মগুলি উদ্ধার হওয়ার পর তা নিয়ে পরীক্ষা যেমন শুরু হয়েছে, তেমনই শুরু হয়েছে তা রক্ষার ব্যবস্থা। যাতে এই জীবাশ্মগুলি আবহাওয়ার বদলের কারণে কোনওভাবে নষ্ট না হয়ে যায় তার জন্য জীবাশ্মগুলিকে একধরনের প্রলেপে মুড়ে ফেলেছেন চিনের বৈজ্ঞানিকরা। যাকে বলা হচ্ছে ন্যানো-স্কেল প্রোটেকটিভ কোটিং।

এই আস্তরণ ডিমগুলিকে আবহাওয়ার প্রভাব থেকে দূরে রাখবে। তাতে সেগুলি যে অবস্থায় পাওয়া গিয়েছে সেই অবস্থায় থেকে যাবে। যা আগামী দিনে সেগুলি নিয়ে পরীক্ষাও করাকে অনেক সহজ করে দেবে।

কারণ এই ডাইনোসরের ডিমের জীবাশ্মগুলি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জীবাশ্ম ঢাকা দেওয়ার খবরটি গ্লোবাল টাইমস সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।

Show Full Article
nilkantho.in app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *