হাতে তুলে মাপার দরকার নেই, ফোন বলে দেবে মাছ কত বড়, সাইজ কেমন
মাছ কতটা বড় তা মাপ করে দেখতে হয়। গবেষণার কাজে মাছের মাপ তো লাগেই। সাধারণ মানুষও তা জানতে চান। এবার ফোন দেবে সেই উত্তর।
মাছের মাপ মেপে দেখতে হয়। অনেকে খালি চোখে আন্দাজ মত বলে দিতেও পারেন। তবে নিখুঁত ও একদম সঠিক মাপ পেতে ফিতে দিয়ে মাপতে হয়। হাতে তুলেও অনেকে মাছের মাপ বলে দিতে পারেন।
কতটা লম্বা সে মাছ, কতটা চওড়া মাছ, তা জানার জন্য এখন হাত দিয়ে মাছটি ধরার দরকার তো পড়েই। কিন্তু আগামী দিনে তা আর পড়বে না। মাছ ছোঁয়ার প্রয়োজনই নেই। কেবল পকেটে ফোন থাকলেই হল।
সেন্ট্রাল মেরিন ফিশারিজ রিসার্চ ইন্সটিটিউট-এর বিজ্ঞানীরা এমন একটি মোবাইল অ্যাপ তৈরি করেছেন যা এই কাজ সহজে করে দেবে। মৎস্যমেট্রি নামে এই অ্যাপটি ফোনে থাকলে মাছ না ছুঁয়েই তার মাপজোক বলে দেওয়া সম্ভব।
কেবল মাছটির ওপর অ্যাপের ক্যামেরাটি ধরতে হবে। সোজা করে ধরতে হবে। তাহলে ওই অ্যাপই বলে দেবে মাছটির সঠিক মাপ। যা গবেষকদের কাজ অনেক সহজ করে দেবে।
কারণ গবেষণার কাজে মাছের মাপজোক এখন নিতে হয় হাতেই। কিন্তু এই অ্যাপ চালু হয়ে গেলে গবেষকদের এটা জানার জন্য অত পরিশ্রম বা সময় কিছুই দিতে হবেনা। দ্রুত সঠিক মাপ ফোন থেকে পেয়ে যাবেন তাঁরা।
অ্যাপটি যাবতীয় তথ্য সংরক্ষিতও রাখবে যাতে পরে দরকার পড়লে পাওয়া যায়। এই অ্যাপ মাছ নিয়ে গবেষণা করা মানুষজনের জন্য দারুণ উপকারি প্রমাণ হতে চলেছে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











