National

সিবিএসই বোর্ডে নবম শ্রেণিতে যুক্ত তৃতীয় ভাষা, পড়তে হবে ২টি ভারতীয় ভাষা

স্কুল স্তরে ভারতের অন্যতম বোর্ড সিবিএসই। সেই সিবিএসই বোর্ডে নবম শ্রেণিতে উঠলে নিতে হবে ২টি নয়, ৩টি ভাষা। যার ২টি হতে হবে ভারতীয়।

সিবিএসই বোর্ডে পাঠরত ছাত্রছাত্রীদের জন্য নতুন নিয়ম চালু করল সিবিএসই বোর্ড। যা ১ জুলাই থেকে কার্যকর হবে। সিবিএসই বোর্ডের ছাত্রছাত্রীদের নবম শ্রেণিতে নিতে হবে ৩টি ভাষা। আর১, আর২ এবং আর৩। এই ৩টি ভাষার মধ্যে ১টি বিদেশি ভাষা থাকতে পারে। সেটি হবে তৃতীয় ভাষা। প্রথম ২টি ভাষা হতে হবে ভারতীয় যে কোনও ২টি ভাষা।

এই নিয়ম সামনে আসার পর ছাত্রছাত্রীদের মনে প্রশ্ন জেগেছে নতুন ভাষার জন্য বই কি হবে? তবে বোর্ডের তরফে তাদের নিশ্চিন্ত করে জানিয়ে দেওয়া হয়েছে বইয়ের জন্য কোনও সমস্যা হবেনা।

৩ নম্বর ভাষা হিসাবে যেটি ছাত্রছাত্রীরা বেছে নেবে সেই বই এখন বাজারে পাওয়া যাচ্ছে। একদম এনসিইআরটি সিলেবাস ধরেই পাওয়া যাচ্ছে। যে নতুন ভাষা ছাত্রছাত্রীদের নিতে হবে সেই ভাষাটি চতুর্থ শ্রেণিতে যেভাবে পড়ানো হয়, সেভাবে পড়ানো হবে।

এই তৃতীয় ভাষা নেওয়ার পর কি তা নিয়ে বোর্ড পরীক্ষাও দিতে হবে? সিবিএসই বোর্ড জানিয়ে দিয়েছে দশম শ্রেণিতে যে বোর্ড পরীক্ষা হবে তাতে এই নতুন তৃতীয় ভাষাটিতে পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে হবেনা।

তৃতীয় ভাষার পরীক্ষা নেবে স্কুল। তারাই পড়ুয়াদের যাচাই ও মূল্যায়ন করবে। তবে সিবিএসই সার্টিফিকেটে তার ওই ভাষায় কেমন ফলাফল তার প্রতিফলন থাকবে।

ভাষা কি যে কোনও একটা নিলেই হবে? সিবিএসই-র তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে সিবিএসই-র যে ভাষা তালিকা রয়েছে তা থেকেই বেছে নিতে পারবে স্কুল। তবে মনে রাখতে হবে সেটা ভারতীয় ভাষা হতে হবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article