আমের রানি, এই আমের ওজন থেকে দাম এবং নাম, সবই নজরকাড়া
এ আমকে বলা হয় আমের রানি। রানি বলার কারণ লুকিয়ে আছে তার নামেই। এ আমের ওজন থেকে দাম সবই নজরকাড়া।
ভারতে এখন আমের মরসুম। আর আমের মরসুমে দেশের নানা প্রান্তের নানা আমে রসনা তৃপ্তি করতে ব্যস্ত আম জনতা। আম জনতার আমবিলাস এ সময় নতুন কিছু নয়। আমের যত প্রকার, ততই তার স্বাদভেদ। ততই তার গন্ধের ফারাক।
তবে সবাই নিজের জায়গায় মৌলিক। এদের মধ্যে আবার কিছু আমের ভুবন জোড়া খ্যাতি। আবার কিছু আম রয়েছে এমন যা একটি বিশেষ এলাকাতেই হয়ে থাকে। এমনই একটি আমকে ডাকা হয় কুইন অফ ম্যাঙ্গো বা আমের রানি বলে।
মধ্যপ্রদেশের আলিরাজপুর জেলার কাতিওয়াড়া এলাকার মাটি ও আবহাওয়া এমন যে সেখানে একটি বিশেষ প্রজাতির আম হয়। যাকে ডাকা হয় নূরজাহান আম বলে। এই নূরজাহান আমকেই বলা হয় আমের রানি।
এ আমের বিশেষত্ব অনেক। এটি রীতিমত বড় চেহারার আম। এক একটি আমের ওজন হয় ২ থেকে ৫ কেজি। ফলে অনুমেয় যে আমটির আকার কতটা বড়। এই বিশাল চেহারার আমের স্বাদ ও গন্ধ আমপ্রেমীদের আকর্ষিত করে। এ আমের চেহারাও এমন সুন্দর যে তা অনেকের নজর কেড়ে নেয়।
তবে সাধারণ মানুষের ইচ্ছা থাকলেও অনেকসময় পকেটে আটকে যায় এই আমের স্বাদে রসনা তৃপ্তি। কারণ এই আমের এক একটির দাম ৩ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে।
একটা আমের জন্য ৩ হাজার টাকা খরচ করা সাধারণ মানুষের জন্য অবশ্যই ধরাছোঁয়ার বাইরে হয়। তবে এমন দাম বলে যে এ আমের বিক্রি আটকে থাকে তা নয়। নূরজাহান আমের চাহিদা যথেষ্টই।











