Feature

ভারতের এই গ্রামকে বলা হয় দক্ষিণের চেরাপুঞ্জি, এ গ্রাম বিখ্যাত তার বৃষ্টির জন্য

চেরাপুঞ্জি নিয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। পৃথিবীর অন্যতম সিক্ত এলাকা হল চেরাপুঞ্জি। যা মেঘালয়ে অবস্থিত। ভারতের অন্য একটি গ্রামকে ডাকা হয় দক্ষিণের চেরাপুঞ্জি নামে।

চেরাপুঞ্জি নামটার সঙ্গে ভারতীয়দের পরিচয় ঘটে স্কুলজীবনের শুরুতেই। পৃথিবীর অন্যতম বৃষ্টিভেজা স্থান হিসাবে বিখ্যাত মেঘালয়ের এই নগর। পাহাড়ের অনেকটা উপরে অবস্থিত চেরাপুঞ্জি শুধু ভারত নয়, সারা বিশ্বে বিখ্যাত সারা বছরে সেখানে হওয়া অতিবৃষ্টির জন্য।

সেই চেরাপুঞ্জির জগৎবিখ্যাত বৃষ্টির রেশ টেনেই দক্ষিণ ভারতের একটি গ্রামকে ডাকা হয় দক্ষিণের চেরাপুঞ্জি নামে। সে গ্রামও পাহাড়ি। পাহাড় সারি সবুজে ঢাকা।

এ গ্রামে সারা বছর প্রচুর বৃষ্টিপাত হয়। যে বৃষ্টিপাত পরিমাণে দক্ষিণ ভারতের আর কোনও জায়গার বৃষ্টির সমান নয়। তার চেয়ে অনেক বেশি। দক্ষিণ ভারতের সবচেয়ে বেশি বৃষ্টিপাত পাওয়া এই গ্রামটি কর্ণাটকে অবস্থিত।

কর্ণাটকের শিবমোগ্গা জেলার আগুম্বে এমন একটি গ্রাম যা পশ্চিমঘাট পর্বতমালার মাঝে অবস্থিত। এ গ্রাম যেমন পাহাড়ি তেমন এর চারধারে যেদিকেই নজর যায় কেবল পাহাড়ের সারি নজর কাড়ে। যা পশ্চিমঘাট পর্বতমালার অংশ।

এ গ্রামের আশপাশের জঙ্গলে রয়েছে বিখ্যাত কিং কোবরাদের বাস। এখানেই রয়েছে একটি সানসেট পয়েন্ট। যেখান থেকে কেবল সূর্যাস্তই নয়, আরবসাগরও দেখতে পাওয়া যায়।

তবে আরবসাগরের দেখা পেতে আকাশ পরিস্কার থাকতে হবে। যা এ গ্রামে বিরল। কারণ এ গ্রামে সারা বছর প্রচুর বৃষ্টি হয়। যার জন্য এখানে মেঘের আনাগোনাও বেশি।

অনেক পর্যটক প্রকৃতি তো বটেই, সেই সঙ্গে দক্ষিণ ভারতের চেরাপুঞ্জিতে থাকার অভিজ্ঞতা কেমন হয় সেটা উপলব্ধি করতে এখানে কয়েকটা দিন কাটাতে আসেন।

Show Full Article
nilkantho.in App