Feature

এখানে হাঁটলে মনে হবে পৃথিবী নয় মঙ্গলগ্রহে পা পড়ছে, ভারতেই রয়েছে সেই জায়গা

মরুভূমি কেমন হয় তা সকলের জানা। হলুদ সোনালি বালির অনন্ত প্রান্তর। কিন্তু ভারতেই রয়েছে লাল রংয়ের মরুভূমি। যেখানে ঘুরলে মনে হবে মঙ্গলগ্রহে বেড়ানো হচ্ছে।

পৃথিবীতে বিস্ময়ের অন্ত নেই। ভারতেই এমন নানা কিছু রয়েছে যা বিশ্বকে অবাক করে দিতে পারে। যেমন ভারতে রয়েছে লাল বালির মরুভূমি। মরুভূমি মানেই হলুদ সোনালি বালির জনহীন শুকনো প্রান্তর বলে সকলের জানা। কিন্তু এমনও মরুভূমি রয়েছে যেখানে রয়েছে লাল বালি। আর তা ভারতেই রয়েছে।

এমন লাল এবং মরচে রংয়ের এই প্রান্তর যা দেখে মনে হবে যেন পৃথিবীতে নয় মঙ্গলের মাটিতে কেউ ঘুরে বেড়াচ্ছেন। এই লাল রংয়ের পিছনে কারণটাও লাল গ্রহের মতই।

এখানকার মাটিতে বালিতে মিশে আছে প্রচুর পরিমাণে আয়রন অক্সাইড। তার সঙ্গে রয়েছে জিরকন, গার্নেট ও ইলমেনাইট জাতীয় খনিজ। যা এই মাটিকে এমন টকটকে লাল রং দিয়েছে। লাল এই মরুভূমিতে গাছও আছে। রয়েছে অনেক কাজুবাদাম গাছ, তালগাছ এবং কাঁটাঝোপ।

তামিলনাড়ুর দক্ষিণ পশ্চিম প্রান্তে রয়েছে এই লাল বালির আশ্চর্য মরুভূমি। নাম থেরি কাদু। এই মরুভূমি কেবল যে একটি দর্শনীয় অভিজ্ঞতা এমন নয়, এটা একটা ইতিহাস। প্রাগৈতিহাসিক সময়ের কথা এই মাটিতে নিহিত রয়েছে।

এখানে একদম যে জল নেই এমনটাও নয়। মাটির তলায় রয়েছে জল। যা এই লাল মরুভূমিতে সবুজের ছাপ রেখেছে। প্রায় ১২ হাজার একর জুড়ে বিস্তৃত এই বিরল লাল মরুভূমি। যা চোখে দেখার জন্য বহু মানুষ বিভিন্ন প্রান্ত থেকে হাজির হন এখানে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nilkantho.in app