অতি ভারী পাথরটির ভিতর সোনা আছে ভেবে রেখেছিলেন, পরে অন্য কথা জানলেন অস্ট্রেলীয়
হলুদ মাটির মধ্যে থেকে অতি ভারী প্রস্তরখণ্ডটি উদ্ধার করেন তিনি। ভেবেছিলেন তার ভিতর নিশ্চয়ই সোনা আছে। কিন্তু বাস্তবে পাথরটির অন্য পরিচয় সামনে এল।
এলাকাটি সোনার জন্য বিখ্যাত। তাই একটি মেটাল ডিটেক্টর হাতে তিনি বেরিয়ে পড়েছিলেন ধাতু খুঁজতে। যদি সোনার খোঁজ পাওয়া যায় মাটির তলায়।
একটি জায়গায় মেটাল ডিটেক্টরের দেওয়া সংকেতে থমকেও দাঁড়ান। সেখানকার মাটির রং হলুদ। সে মাটি সরিয়ে তার তলায় একটি বড়সড় লালচে পাথরের খোঁজ পান তিনি। অতি ভারী সে পাথর। সেটিকে তিনি তুলে বাড়িতে নিয়ে আসেন। তাঁর দৃঢ় বিশ্বাস ছিল ওই পাথরের মধ্যে সোনা আছে।
পাথরের মধ্যে থেকে সোনা বার করার জন্য তিনি পাথরটি ভাঙার চেষ্টা করেন। প্রথমে হাতুড়ি দিয়ে ভাঙার চেষ্টা করে ফল হয়নি। তারপর ড্রিল মেশিন। তাতেও পাথর অটুট থাকায় অ্যাঙ্গেল গ্রাইন্ডার।
তাতেও পাথর যেমন কার তেমন থাকায় সেটিকে অ্যাসিডে পর্যন্ত ডুবিয়ে দেখেন। যদি তাতে পাথরের ভিতর থেকে সোনা বেরিয়ে আসে। কিন্তু পাথর যেমন কার তেমনই থেকে যায়।
পরে সেই পাথরটি পরীক্ষা করে দেখা হয়। বিশেষজ্ঞেরা সেটিকে পরীক্ষা করার পর জানতে পারেন সেটি আদপে একটি উল্কাপিণ্ড। একটি বিরল উল্কাপিণ্ড। যার খণ্ড এতটাই কঠিন যে তাকে ভাঙা এভাবে সম্ভবই নয়।
অস্ট্রেলিয়ার মেরিবোরো-র গোল্ড ফিল্ডস এলাকা বিখ্যাত সোনার জন্য। সেখানেই ওই পাথরটি পান ওই অস্ট্রেলীয় ব্যক্তি। তাই তিনি নিশ্চিত ছিলেন সেটির ভিতর সোনা আছে। পরে পরীক্ষার পর সামনে এল ওই অতি কঠিন প্রস্তরখণ্ডের আসল পরিচয়।











