জানা গেল দেশের দ্বীপপুঞ্জে নোনা জলের কুমিরের সংখ্যা, ৩ জায়গায় ঢোকাই গেলনা
নোনা জলের কুমির অন্য প্রজাতির কুমির। আন্দামানে এমন কত কুমির রয়েছে তার সংখ্যা জানার পাশাপাশি মানুষকে রক্ষার উপায় খোঁজা শুরু।
ভারতের পূর্ব উপকূলে নোনা জলের কুমির দেখতে পাওয়া যায়। পশ্চিমবঙ্গ ও ওড়িশায় নোনা জলের কুমির রয়েছে। তাদের রক্ষার দিকেও নজর রাখা হয়। এবার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে নোনা জলের কুমির বা ক্রোকোডাইলাস পোরোসাস-এর সংখ্যা গুনে দেখল ওয়াইল্ড লাইফ ইন্সটিটিউট অফ ইন্ডিয়া।
নোনা জলের কুমিরদের বাস উপকূলীয় এলাকায়। বদ্বীপ, মোহনা, জলা, খাঁড়ি, সমুদ্রের ধারের বালিয়াড়ি ঘেরা নোনা জলের হ্রদ বা লেগুন-এ তাদের নিশ্চিন্ত বাস। আন্দামানে মোট ৫৮৬টি নোনা জলের কুমিরের সন্ধান পাওয়া গেছে।
কেবল ৩টি খাঁড়িতে কুমিরের সংখ্যা গোনা সম্ভব হয়নি। আন্দামানের দ্বীপগুলি মিলিয়ে ১৭৬টি খাঁড়ি রয়েছে। তারমধ্যে ৩টি খাঁড়িতে পৌঁছনোর সমস্যার জন্য সেখানে কুমির গণনা করা সম্ভব হয়নি।
তবে কেবল এদের গোনাই একমাত্র উদ্দেশ্য নয়। সেই সঙ্গে ক্রমে বাড়তে থাকা মানুষ ও কুমিরের সংঘর্ষের বিষয়টিও ভাবাচ্ছে বিশেষজ্ঞদের। ২০০৪ সালে সুনামির পর থেকে যা আরও বেড়েছে। কুমিরের থেকে ক্ষতি হচ্ছে মানুষের। যা নিয়ে চিন্তিত বিশেষজ্ঞেরা।
গবেষকদের এই বাড়তে থাকা কুমির হানার কারণ খুঁজতেও বলা হয়েছে। তবে কিছু কারণ সামনে এসেছে। যেমন কুমিররা যেখানে রয়েছে তার কাছেই মানুষের বসতি থাকায় সেখানে অনেক গবাদি পশু পাওয়া যাচ্ছে। যা শিকার করতে কুমিররা হাজির হচ্ছে লোকালয়ে।
তাছাড়া পর্যটকদের কারণে কুমিররা নিশ্চিন্তে সন্তান প্রসবের জায়গা পাচ্ছেনা। ফলে তারা আক্রমণাত্মক হয়ে উঠছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











