একটানা বৃষ্টি, এই অবস্থা কতদিন চলবে, বৃষ্টি কি বাড়বে, পূর্বাভাস দিল হাওয়া অফিস
সারারাত একটানা বৃষ্টি চলার পর সকালেও বৃষ্টি পিছু ছাড়েনি। বেলা অব্ধি চলেছে। এমন বৃষ্টি আর কতদিন চলবে। পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
বৃহস্পতিবার দুপুরে একটানা বৃষ্টি চলার পর সন্ধের দিকে কিছুটা বিরাম। তারপর রাত বাড়লে ফের শুরু হয় বৃষ্টি। যা সারারাত তো বটেই, এমনকি সকাল থেকে বেলা পর্যন্ত থামেনি। দুপুরের পর বৃষ্টি থামলেও আকাশে মেঘ কম নেই।
এভাবে রাতভর বৃষ্টিতে কলকাতার বেশ কয়েকটি জায়গায় জল জমে যায়। যদিও এই বৃষ্টি নিয়ে কারও কোনও অভিযোগ নেই। সমস্যা হলেও মানিয়ে নিচ্ছেন মানুষজন।
কারণ এল নিনো, কম বৃষ্টির পূর্বাভাস, জুনে বৃষ্টি খুব কম হওয়া, সব মিলিয়ে বৃষ্টি নিয়ে এবার চিন্তায় পড়েছেন সাধারণ মানুষ। তাই বৃষ্টি হলে তার জন্য বিরক্ত হচ্ছেন না তাঁরা।
যে বৃষ্টি বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে সে বৃষ্টি আর কতদিন চলবে? আবহাওয়া দফতর তাদের পূর্বাভাসে জানিয়েছে বৃষ্টি চলবে। এখনই এই পরিস্থিতি খুব একটা বদলাবে না।
সপ্তাহ শেষে বৃষ্টি পাবেন কলকাতা সহ দক্ষিণবঙ্গের মানুষ। মঙ্গলবার পর্যন্ত ভাল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশ্চিমবঙ্গের উপর মৌসুমি অক্ষরেখা অবস্থান করছে। বাংলাদেশের কাছে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে।
জোড়া ফলায় বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করে এই বৃষ্টি ঝরাচ্ছে। ফলে জুলাইয়ের মধ্যভাগ পর্যন্ত অন্তত বৃষ্টি ভালই পেল দক্ষিণবঙ্গ। এখন প্রশ্ন পুরো জুলাই কি এমনই বৃষ্টি পাবে? তা অবশ্য এখনই পরিস্কার নয়।
উত্তরবঙ্গে বৃষ্টি আরও অনেক বেশি হবে। শনি ও রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে কমলা সতর্কতা রয়েছে। তাছাড়াও আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গ জুড়েই বৃষ্টি চলবে।













