State

স্থানীয় দোকানের চাতালে বিজেপি বিধায়কের ঝুলন্ত দেহ উদ্ধার

বিজেপি বিধায়কের ঝুলন্ত দেহ উদ্ধার হল উত্তর দিনাজপুরে। হেমতাবাদের বিধায়কের এই রহস্যমৃত্যু ঘিরে তরজা তুঙ্গে উঠেছে।

কলকাতা : বাড়ি থেকে কিছুটা দূরেই একটি দোকান। দোকানটি বন্ধই ছিল। আর দোকানের সামনে যে চাতাল থাকে সেখানে দড়িতে ঝুলতে দেখা যায় বিধায়ককে। সোমবার ভোরে বিষয়টি নজরে আসতেই দ্রুত সেখানে মানুষের ভিড় জমে যায়। বিজেপি কর্মী, সমর্থকেরা ভিড় জমান। হাজির হয় পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। এদিকে হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের এমন অস্বাভাবিক মৃত্যু নিয়ে বিজেপি নিশানা করেছে তৃণমূলকে।

বিন্দোল গ্রাম এলাকায় ঘটা এই ঘটনাকে পুলিশ প্রাথমিক তদন্তের পর আত্মহত্যা বলেই মনে করছে। যদিও বিজেপি তা মানতে নারাজ। তাদের দাবি তাদের ওই বিধায়ককে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ নিশানা করেছেন তৃণমূলকে। সিবিআই তদন্তের দাবি তুলেছেন তিনি। পাল্টা তৃণমূলও এই ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছে।

মৃত বিধায়কের পরিবারের দাবি অবশ্য তাঁকে হত্যাই করা হয়েছে। তাঁদের দাবি, গভীর রাতে কয়েকজন বাইকে করে এসে ওই বিধায়ককে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারপর আর তিনি ফেরেননি। সোমবার ভোরে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃত বিধায়কের পকেট থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। তাতে কয়েকজনের নাম রয়েছে। তবে তদন্তের স্বার্থে নামগুলি গোপন রেখেছে পুলিশ।

Show Full Article
nilkantho.in app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *