সোমবার ২৯৪ নয়, ২৯৩ আসনের ফলাফল ঘোষণা, ফলতায় আবার ২১ মে ভোট
ফলতা বিধানসভায় একাধিক অভিযোগ উঠেছিল ভোটের দিন। নির্বাচন কমিশন সেখানে অবজার্ভার পাঠায়। এবার সেখানে ফের নির্বাচনের নির্দেশ দিল কমিশন।
সোমবার ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে। যার মধ্যে পশ্চিমবঙ্গও রয়েছে। পশ্চিমবঙ্গে ২৯৪টি বিধানসভা রয়েছে। কিন্তু ওইদিন ২৯৩টি আসনের ফল প্রকাশ হবে। কারণ ফলতা বিধানসভায় ফের নির্বাচনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
গুরুতর নির্বাচনী অপরাধ এবং গণতান্ত্রিক পদ্ধতিতে অন্তর্ঘাত, এই ২টি বিষয় কমিশনের নজরে এসেছে। এই ফলতাতেই গত ২৯ এপ্রিল নির্বাচনে ইভিএম-এ বোতামের ওপর স্টিকার লাগানোর অভিযোগ সামনে এসেছিল।
বিধানসভা ভোটের সবদিক খতিয়ে দেখে তাই আলাদা করে কোনও বুথে নয়, দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভার সব বুথেই পুনর্নির্বাচনের নির্দেশ দিল নির্বাচন কমিশন। ফলে ফলতার ২৮৫টি ভোটকেন্দ্রেই ভোট হবে। ভোটগ্রহণ করা হবে আগামী ২১ মে। ভোটের ফল ঘোষণা হবে ২৪ মে।
যেহেতু ফলতা বিধানসভার আলাদা করে কোনও বুথে নয়, বরং সব বুথেই ভোট হবে, তাই ফলতা বিধানসভার ভোটগণনা আগামী ৪ মে হচ্ছেনা।
রাজ্যের বাকি ২৯৩টি আসনের ফলাফল ঘোষণা হবে ওইদিন। ফলতার ফল জানা যাবে আগামী ২৪ মে। ২১ মে সকাল ৭টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত ফলতা বিধানসভায় ভোটগ্রহণ করা হবে।
প্রসঙ্গত ফলতার একাধিক বুথে ইভিএম-এ তাদের প্রার্থীর বোতামের ওপর টেপ লাগানো হয়েছিল বলে দাবি করে নির্বাচন কমিশনে অভিযোগ জানায় বিজেপি। সেই অভিযোগের প্রেক্ষিতে সবদিক খতিয়ে দেখে সেখানে পুনর্নির্বাচনের নির্দেশ জারি করল নির্বাচন কমিশন।












