ম্যাচ চলাকালীন ফুটবলে পা ঠেকালেন ফুটবলার, রাস্তায় ধাক্কাধাক্কি করল গাড়ি
ফুটবল ম্যাচ চলছিল মাঠে। দর্শকরা খেলা দেখছিলেন। জমে উঠেছিল ম্যাচ। এক ফুটবলার বল পায়ে পেয়ে তাতে শট নিতেই রাস্তায় ধাক্কাধাক্কি করল গাড়ি। থমকে গেল খেলা।
এমন ঘটনাও যে ঘটতে পারে তা এই ঘটনা না ঘটলে কল্পনা করা মুশকিল ছিল। সবুজ ঘাসে ভরা মাঠে ফুটবল ম্যাচ চলছিল। ২ দলের টানটান লড়াইয়ে ম্যাচ জমে উঠেছিল।
দর্শকরা ম্যাচ উপভোগও করছিলেন। খেলা চলাকালীন এক ফুটবলারের পায়ে বল আসতে তিনি একটি জোরাল শট নেন। আর তাতেই এমন ঘটনা ঘটে যায় যা এখন সারা বিশ্বে খবরে পরিণত হয়েছে।
বলটিতে জোরাল শট নেওয়ার পর বলটি উড়ে মাঠ টপকে যায়। এদিকে মাঠের পাশ দিয়ে গেছে হাইওয়ে। সেখান দিয়ে দ্রুত গতিতে গাড়ি ছুটে চলেছে।
বলটি উড়ে গিয়ে পড়ে সেই রাস্তায়। একটি গাড়ির সামনে আচমকা বলটি এসে পড়তে চালক বলটি কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন। গতিতে থাকা পিছনের গাড়ির পক্ষে সেটা বোঝাই সম্ভব ছিলনা।
সেটি আবার এসে সামনের গাড়ির পিছনে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়া গাড়ির পিছনে থাকা গাড়িটি আবার তাকে ধাক্কা দেয়। তবে প্রতিটি গাড়ির চালকই সময়মত গতিটা নিয়ন্ত্রণে নেওয়ায় ধাক্কাধাক্কি হলেও কোনও আরোহীর কোনও ক্ষতি হয়নি। তবে গাড়িগুলির কিছুটা করে ক্ষতি হয়েছে।
ঘটনাটি ঘটেছে উরুগুয়েতে। সেখানকার একটি দ্বিতীয় ডিভিশনের খেলা টিভিতে সম্প্রচার হওয়ার সময় এই ঘটনা ক্যামেরায় ধরা পড়ে যায়।
এদিকে ওই ফুটবল মাঠ কর্তৃপক্ষকে এই ঘটনার পর মাঠের ধারের দেওয়াল আরও উঁচু করতে বলা হয়েছে। এই ঘটনার জেরে খেলা কিছুটা সময় বন্ধ থাকলেও পরে তা ফের শুরু হয়। রাস্তায় চলে যাওয়া বলটিও কুড়িয়ে আনা হয়।

