শেষ হল এশিয়ান গেমস, পরের এশিয়ান গেমস কোথায় হবে সেটাও জানা গেল
এশিয়ান গেমস এবারের মত সমাপ্ত হল। জাপানে অনুষ্ঠিত এই এশিয়ান গেমস শেষ হওয়ার পর প্রশ্ন থাকে পরের এশিয়ান গেমস কোথায়। সেটাও জানা গেল।
এশিয়ান গেমস শেষ হল। সমাপ্তি অনুষ্ঠান হল বর্ণাঢ্য। যেমন সুন্দর ছিল জাপানে অনুষ্ঠিত এই এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠান। এবার এশিয়ান গেমসে পদক তালিকায় প্রথম স্থান দখল করেছে চিন। তাদের সংগ্রহ ৩৪১টি পদক। প্রত্যাশামতই চিন ১ নম্বরে।
তারপরে ২ নম্বর স্থান দখল করেছে জাপান। এটাও প্রত্যাশিতই। জাপানের ঝুলিতে এসেছে ২৬৯টি পদক। তৃতীয় স্থান দখল করেছে দক্ষিণ কোরিয়া। তাদের সংগ্রহ ১৫০টি পদক।
চতুর্থ স্থানে ভারত। প্রায় শেষ পর্যন্ত চতুর্থ স্থানটি দখল করে বসেছিল উজবেকিস্তান। কিন্তু শেষ দিনে ভারতের সোনা জয় টপকে যায় উজবেকিস্তানকে। ভারত ৮৫টি পদক পেয়ে তালিকার চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে। সমাপ্তি অনুষ্ঠানে জানা যায় পরের এশিয়ান গেমস কোন দেশ আয়োজন করতে চলেছে।
জাপানের নাগোয়ার নাগোয়া সিটি মিজুহো পার্ক অ্যাথলেটিক স্টেডিয়ামে অনুষ্ঠিত সমাপ্তি অনুষ্ঠানে অলিম্পিক অ্যাসোসিয়েশন অফ এশিয়া-র পতাকা তুলে দেওয়া হয় পরবর্তী আয়োজক দেশের হাতে। ২০৩০ এশিয়ান গেমস আয়োজিত হবে কাতারের দোহায়।
দোহা ২০৩০ হল পরের এশিয়ান গেমসের নাম। ওয়ান এশিয়া বা অভিন্ন এশিয়ার বার্তা এগিয়ে নিয়ে যেতে আইচি-নাগোয়া ২০২৬-এর থেকে পতাকা তুলে দেওয়া হয় দোহা ২০৩০-এর হাতে।
এদিনের সমাপ্তি অনুষ্ঠান সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে জাপান এই বিশাল আয়োজন সফলভাবে শেষ করল। এদিন সমাপ্তি অনুষ্ঠানে চিনের ঠিক পরেই ভারতীয় খেলোয়াড়েরা স্টেডিয়ামে প্রবেশ করেন।










