প্রাপ্তির ঝুলিতে একাধিক নতুন রেল প্রকল্প, ৬ রাজ্যে খুশির হাওয়া
প্রধানমন্ত্রীর নেতৃত্বে অর্থনীতি বিষয়ক মন্ত্রিসভা এবার বড় অঙ্ক বরাদ্দ করল একাধিক রেল প্রকল্পের জন্য। যা পেতে চলেছে ৬টি রাজ্য।
অবশ্যই দেশের ৬টি রাজ্যের জন্য এটা সুখবর। কারণ রেল যোগাযোগ নিয়ে তাদের প্রাপ্তির ঝুলিতে আরও নতুন উপহার যুক্ত হতে চলেছে। ৬ রাজ্য পাচ্ছে নতুন ৩টি প্রকল্প। যেখানে ব্যয় বরাদ্দ হয়েছে ২৩ হাজার ৪৩৭ কোটি টাকা।
বিশাল অর্থব্যয়ে মোট ৩টি প্রকল্প বাস্তবায়িত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অর্থনীতি বিষয়ক মন্ত্রিসভা এই সবুজ সংকেত দিয়ে দিয়েছে। ফলে তার কাজ শুরু হয়ে যাবে। ২০৩০-৩১-এর মধ্যে এই ৩ প্রকল্প বাস্তবায়িত হবে বলে মনে করা হচ্ছে।
এই ৩টি প্রকল্পের তৃতীয় ও চতুর্থ লাইন যুক্ত হবে নাগদা মথুরা, গুন্টাকল ওয়াদি এবং বুরওয়াল সীতাপুর লাইনে। যার হাত ধরে পর্যটনও আরও শক্তিশালী হতে পারবে। এই প্রকল্পগুলি রূপায়িত হলে রেল মানচিত্রে আরও ৯০১ কিলোমিটার রেলপথ যুক্ত হবে।
এই প্রকল্পগুলি রূপায়িত হলে ৪ হাজার ১৬১টি গ্রামের মানুষের যাতায়াত আরও সহজ হয়ে যাবে। উপকৃত হবেন ৮৩ লক্ষ সাধারণ মানুষ। যে ৬ রাজ্য এই ৩ প্রকল্পের সুবিধা পাবে সেগুলি হল তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং রাজস্থান।
এই প্রকল্পগুলি রূপায়িত হওয়ার পর মহাকালেশ্বর, রণথম্ভোর জাতীয় উদ্যান, কুনো জাতীয় উদ্যান, কেওলাদেও জাতীয় উদ্যান, মথুরা, বৃন্দাবন সহ আরও বেশ কয়েকটি পর্যটনক্ষেত্র যাতায়াতে বাড়তি সুবিধা ভোগ করতে পারবে। যা দেশের পর্যটনকে আরও শক্তিশালী করবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা












