Feature

এটাই বিশ্বের সবচেয়ে মিষ্টি আম, অনেকে বলেন আম নয় লজেন্স

ভারতে এখন আমের মরসুম। নানা প্রজাতির আমে ভরে আছে গাছ। বাজারে বিভিন্ন আমের পসরা সাজানো। বিশ্বের সবচেয়ে মিষ্টি আমের নামটা কিন্তু অচেনা ঠেকতে পারে।

আম তো মিষ্টিই হয়। স্বাদে, গন্ধে প্রজাতি ভেদে কেবল আলাদা। কিছু আম অবশ্য একটু টকমিষ্টি ধরনেরও হয়। আবার হিমসাগর আর গোলাপখাসের স্বাদ তো এক নয়। আমের চেহারা দেখেও আম চেনা যায়। ভারতের নানা প্রান্তে নানা ধরনের আম বিখ্যাত। সব আমই তার স্বাদে, গন্ধে, মিষ্টত্বে অতুলনীয়।

তাহলে বিশ্বের সবচেয়ে মিষ্টি আম কোনটা? ভারতে যত ধরনের আম আছে তা গুনে শেষ করা মুশকিল। কিন্তু ভারতে নানা প্রজাতির প্রচুর আম উৎপাদিত হলেও আমের মিষ্টত্বের নিরিখে ভারতকে টেক্কা দিয়েছে ফিলিপিন্স।

ফিলিপিন্সের কারাবাও আম হল সেই আমের প্রজাতি যা বিশ্বের সবচেয়ে মিষ্টি আম বলে বিখ্যাত। কারাবাও আম অত্যন্ত মিষ্টি হয়। এতে শর্করার পরিমাণ খুব বেশি। আমটির স্বাদ এবং গন্ধও মন ভাল করে দেওয়ার মতন।

আবার যদি খাওয়ার কথায় আসা যায়, তাহলে এ আমটির শাঁস অত্যন্ত নরম এবং ফাইবারহীন। সোনালি হলুদ রংয়ের এ আম মুখে দিলে কোনও শিরা বা রোঁয়া পাওয়া যায়না।

রসাল এই কারাবাও আমের আরও একটি বিশেষত্ব হল এর আঁটি। আমটির যা চেহারা তার তুলনায় এর আঁটি অনেকটাই ছোট হয়। শাঁস বেশি।

এই মিষ্টি আমটিতে প্রকৃতিও যেন মিষ্টি ঢেলে দিয়েছে। কারাবাও আম এতটাই মিষ্টি হয় যে খেলে মনে হয় যেন আম নয়, কেউ মিষ্টি খাচ্ছেন। অনেকে এই আমকে লজেন্সের সঙ্গে তুলনা করেন।

Show Full Article