National

রাস্তা জুড়ে বাঘের নিশ্চিন্ত ঘুমের জেরে প্রবল যানজট

বাঘের ঘুম পেয়েছে। পেতেই পারে। কিন্তু সেই ঘুমের কারণে একটা লম্বা যানজট তৈরি হল। কিন্তু বাঘ তখনও গভীর ঘুমে মগ্ন।

বাঘেরাও প্রয়োজন পড়লে তো বিশ্রাম নেয়। ঘুমিয়েও নেয়। ঘুমের জন্য আলাদা করে কোনও জায়গা নেই। প্রকৃতির বুকে তার যেখানে ঘুমোতে ইচ্ছা করে সেখানেই সে ঘুমিয়ে নেয়।

যেমন একটি বাঘের ইচ্ছা হয়েছিল জঙ্গলে একটি কাঁচা রাস্তার ওপর সে বিকেলে একটু ঘুমিয়ে নেবে। করেও তাই। ধুলো ভরা রাস্তার ওপর টানটান হয়ে শুয়ে পড়ে সে।

ফলে সেই রাস্তা দিয়ে যে গাড়িগুলি যাতায়াত করতে চাইছিল সেগুলি দাঁড়িয়ে পড়ে। রাস্তা জুড়ে বাঘ শুয়ে আছে। তাই যাওয়ার পথ নেই। এখন অপেক্ষা ছাড়া গতিও নেই।

বাঘের ঘুম ভাঙানো যাবেনা। তার যখন ঘুম ভাঙবে তখনই সামনে এগিয়ে যাওয়া সম্ভব। ফলে তৈরি হল যানজট। ৩টি গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ে সেখানে।

এটা ঘটেছে রাজস্থানের বিখ্যাত রণথম্ভোর জাতীয় উদ্যানে। সেখানে জঙ্গল সাফারির জন্য অনেক গাড়ি পর্যটকদের নিয়ে জঙ্গলে ঘুরে বেড়ায়। এই পথ ধরেই সেসব গাড়ির যাতায়াত। সেখানেই বাঘ শুয়ে ঘুমিয়ে পড়ার জের ভুগতে হল সকলকে।

পর্যটকদের কিছু করার নেই। তাই তাঁরাও ঠায় অপেক্ষা করতে থাকেন কখন বাঘের ঘুম ভাঙবে। ঘুম অবশ্য ভাঙল। তবে কারও জ্বালাতনে নয়। নিজে থেকেই একসময় ঘুম থেকে উঠে আড়মোড়া ভাঙে বাঘটি। শরীরটাকে একবার টানটান করে নেয়।

তারপর আশপাশে গাড়ির লম্বা লাইনের দিকে ফিরেও না তাকিয়ে ধীর পায়ে ঢুকে যায় রাস্তার ধারের জঙ্গলে। বাঘের ঘুম ভাঙায় অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান হয়। যানজট কাটে। গাড়িগুলি ফের তার গন্তব্যে রওনা দেয়। এই ছবি সমাজ মাধ্যমে দিয়েছেন এক পর্যটক।

Show Full Article