National

ভুল করে অমৃতসর থেকে গয়ায় চলে আসেন বৃদ্ধ, তাঁকে বাড়ি ফেরাল এআই

পথভোলা এক বৃদ্ধকে বাড়ি ফিরিয়ে দিল কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটজিপিটি। যদিও এখানে এক যুবকের অবদানও মনে রাখার মত হয়ে রইল।

তাঁর বয়স ৮০ বছর। এখন অনেক কিছুই মনে রাখতে পারেননা। স্মৃতি সাথ দেয়না। তবে তীর্থ ভ্রমণ তার জন্য আটকে থাকেনি। পঞ্জাব সরকারের তীর্থভ্রমণ প্রকল্পের আওতায় একটি দলের সঙ্গে তিনি এসেছিলেন অমৃতসরে। স্বর্ণ মন্দির দর্শন করতে।

সেখানে কোনওভাবে তিনি দলছুট হয়ে যান। তাঁকে তারপর আর খুঁজে পাওয়া যায়নি। বৃদ্ধ চমন লাল হারিয়ে যেতে উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর পরিবারের লোকজন। পুলিশে খবর দেওয়া থেকে সমাজ মাধ্যমে ছবি দিয়ে খোঁজ চালান তাঁরা। কিন্তু চমন লালের কোনও খোঁজ পাওয়া যায়নি।

ভুলে যাওয়ার কারণে চমন লাল চলে এসেছিলেন অমৃতসরের রেলস্টেশনে। সেখান থেকে তিনি বাড়ি ফেরার জন্য একটি ট্রেনে চড়ে যান। সে ট্রেন তাঁকে নিয়ে যায় ১ হাজার ২০০ কিলোমিটার দূরে গয়ায়।

সেখানে নেমে কিছুই চিনতে না পেরে রাস্তায় রাস্তায় ঘুরছিলেন ৮০ বছরের ওই বৃদ্ধ। ওই অবস্থায় তাঁকে ঘুরতে দেখে নীরজ নামে এক স্থানীয় যুবক এগিয়ে আসেন।

নিজের বাড়িতে নিয়ে যান। খাওয়াদাওয়ার পর বৃদ্ধের কাছে তাঁর ঠিকানা জানতে চান। কিন্তু ফতেহগড় গুজরান ছাড়া আর কিছুই বলতে পারছিলেননা চমন লাল।

নীরজ এমন নাম শোনেননি। তাই তিনি চ্যাটজিপিটি-র আশ্রয় নেন। চ্যাটজিপিটি অবশেষে তাঁকে জানায় এমন নামের একটি গ্রাম রয়েছে পঞ্জাবের লুধিয়ানা জেলায়।

এআই-এর আশ্রয় নিয়ে নীরজ জানতে পারেন বৃদ্ধের ঠিকানা। এরপর ওই বৃদ্ধকে সঙ্গে করে নীরজ নিজেই পাড়ি দেন ওই গ্রামের উদ্দেশে। সেখানে পৌঁছতেই আশপাশের মানুষ এগিয়ে আসেন চমন লালকে দেখে।

তিনি ওই গ্রামের বাসিন্দা। ফলে সকলের চেনা। খবর যায় চমন লালের বাড়িতেও। নীরজ যে তাঁকে এভাবে দায়িত্ব নিয়ে বাড়ি পৌঁছতে এসেছেন তা দেখে আপ্লুত চমন লালের পরিবার থেকে গোটা গ্রাম। নীরজের আতিথেয়তায় ত্রুটি রাখেননি তাঁরা।

Show Full Article