৮৫ বছরে এমএ পাশ করলেন বৃদ্ধ, পড়া এখানেই শেষ নয়, এবার নতুন লক্ষ্য
পড়াশোনার কোনও বয়স হয়না। এই চিরাচরিত প্রবাদটি ফের একবার সত্যই করে দেখালেন ৮৫ বছরের বৃদ্ধ। পড়া আরও এগিয়ে নিয়ে যেতে চান তিনি। লক্ষ্যও স্থির করেছেন।
২০ বছর বয়সে পা রাখার আগেই তিনি সেনাবাহিনীতে যোগদান করেন। সেখান থেকে পরে যোগ দেন পরিবহণ বিভাগে। কিন্তু পড়াশোনাটা শেষ না করার একটা খেদ থেকেই গিয়েছিল।
৭৬ বছর বয়সে পৌঁছনোর পর তাঁর নাতি নাতনিরাই তাঁকে নতুন করে পড়াশোনায় ফেরার উৎসাহ দেয়। নাতি নাতনির থেকে উৎসাহ পেয়ে নতুন করে বই খুলে বসেন হরিয়ানার সিরসার বাসিন্দা লাল চাঁদ গোদারা।
পড়াশোনা শুরু করার পর কিন্তু থামেননি। ৮১ বছর বয়সে শেষ করেন তাঁর স্নাতক ডিগ্রি। তারপর মাস্টার ডিগ্রির লড়াই শুরু। তাতেও এল সাফল্য। ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ভাল নম্বর নিয়ে ৮৫ বছর বয়সে কলা বিভাগে মাস্টার্স করলেন বৃদ্ধ লাল চাঁদ। পেলেন এমএ ডিগ্রি।
৮৫ বছর বয়সে যেখানে অধিকাংশ মানুষ বয়স জনিত নানা শারীরিক সমস্যায় জর্জরিত থাকেন, সেখানে চুটিয়ে পড়াশোনায় মেতে আছেন ৮৫-র লাল চাঁদ গোদারা। এমএ ডিগ্রি পেয়ে যাওয়া মানে কিন্তু তাঁর পড়াশোনায় ইতি নয়। তিনি পড়াশোনা চালিয়ে যেতে চান। আর সেজন্য লক্ষ্যও স্থির করে ফেলেছেন তিনি।
লাল চাঁদ এবার তাঁর পিএইচডি সম্পূর্ণ করতে চান। আর তার জন্য পড়াশোনাও শুরু করতে চলেছেন তিনি। সেই সঙ্গে লাল চাঁদের ইচ্ছা তিনি আইন নিয়েও পড়াশোনা করেন।
হয় তিনি পিএইচডি করবেন, নয়তো আইন নিয়ে পড়াশোনা। প্রথমে কোনটা করবেন তা বেছে নেবেন লাল চাঁদ গোদারা। তবে পড়াশোনা চলবে। থামার প্রশ্নই উঠছে না। দেশের বিভিন্ন পত্রপত্রিকা ও সংবাদমাধ্যমে প্রকাশিত লাল চাঁদ গোদারার কাহিনি দেশবাসীকে উদ্বুদ্ধ করেছে।











