স্ত্রীকে লুকিয়ে প্রেমিকার সঙ্গে বিদেশে বেড়ানোর পরিকল্পনা, পাসপোর্ট সব ফাঁস করে দিল
প্রেমিকার পাসপোর্টের জন্য যে তাঁর সাজানো গল্প ফাঁস হয়ে যাবে তা বুঝতে পারেননি এক মধ্যবয়সী ব্যক্তি। স্ত্রী জেনে গেলেন সবকিছু।
তিনি পেশায় ব্যবসায়ী। তাঁর ব্যবসার কারণে মাঝেমাঝেই তাঁকে নানা দেশে পাড়ি দিতে হয়। তাই তাঁর বিদেশে ব্যবসার কাজে যাওয়া তাঁর স্ত্রীর কাছে খুব সাধারণ ব্যাপার ছিল।
এবারও তাই যখন তিনি স্ত্রীকে জানান যে তিনি ব্যবসার কাজে মালয়েশিয়ার কুয়ালালামপুরে যাচ্ছেন, স্ত্রী সেটা স্বাভাবিকভাবেই নিয়েছিলেন। কিন্তু মধ্যবয়সী ওই ব্যক্তির পরিকল্পনা ছিল অন্য।
তিনি ব্যবসার কাজে বিদেশে যাওয়ার কথা বলে আসলে প্রেমিকাকে নিয়ে লুকিয়ে মালয়েশিয়া যাচ্ছিলেন ছুটি কাটাতে। যা তিনি ঘুণাক্ষরেও স্ত্রীকে জানতে দিতে চাননি।
প্রেমিকাকে সঙ্গে করে বিমান ধরতে মুম্বই বিমানবন্দরে পৌঁছেও যান পুনের ব্যবসায়ী ওই বছর ৪৬-এর ব্যক্তি। কিন্তু বিমানবন্দরে তাঁর প্রেমিকার পাসপোর্ট নিয়ে তৈরি হয় সমস্যা। সমস্যা এতটাই ছিল যে ওই মহিলাকে বিদেশ সফরের অনুমতি দেয়নি কর্তৃপক্ষ।
ফলে বিমানবন্দর থেকে প্রেমিকাকে নিয়ে বেরিয়ে আসতে হয় ওই ব্যক্তিকে। তিনি স্থির করেন বিদেশে যাওয়া না হোক প্রেমিকার সঙ্গে কয়েকদিন মুম্বইতেই কাটিয়ে দেবেন। কিন্তু স্ত্রীকে কি বলবেন?
স্ত্রীকে বোঝাতে গিয়ে তিনি একটি গল্প ফাঁদেন। তিনি তাঁর মোবাইল ফোন বন্ধ করে দেন। বিমানবন্দর থেকেই তিনি স্ত্রীকে ফোন করে জানান অভিবাসন সমস্যার কারণে তাঁকে তাঁর মোবাইল ফোন দিয়ে দিতে হচ্ছে। পরদিনও ওই ব্যক্তি একবার স্ত্রীর সঙ্গে কথা বলেন। কিন্তু তারপর থেকে তাঁর ফোন বন্ধ হয়ে যায়।
স্ত্রী ভয় পেয়ে পুলিশের কাছে হাজির হন। তাঁর স্বামীকে সম্ভবত অপহরণ করা হয়েছে বলে দাবি করেন স্ত্রী। এরপর আর লুকিয়ে থাকতে পারেননি ওই ব্যক্তি।
তিনি পুলিশের কাছে সব স্বীকার করে নেন। পুলিশের এক্ষেত্রে কিছু করার নেই ঠিকই, কিন্তু স্ত্রী সব জেনে যাওয়ার পর তাঁকে কীভাবে ওই ব্যক্তি সামাল দিতে পারেন সেটা কারও জানা নেই।











