National

সরকারি হাসপাতালে জন্মালেই সোনার আংটি, কোথায় শুরু হচ্ছে মামার উপহার প্রকল্প

কোনও শিশু যদি সরকারি হাসপাতালে জন্ম নেয় তাহলে তাকে একটি সোনার আংটি উপহার দেওয়া হবে। এক রাজ্যে উপনির্বাচনের আগে বড় চমক।

উপনির্বাচনের আগেই এক রাজ্যসরকার চমক দিয়ে নজর কাড়ল গোটা দেশের। ২টি কেন্দ্রে উপনির্বাচন। তার আগেই সে রাজ্যের সরকার ঘোষণা করল এক নজরকাড়া প্রকল্প।

রাজ্যের সরকারি যে কোনও হাসপাতালে যদি কোনও শিশু জন্ম নেয়, তাহলে তাকে একটি সোনার আংটি উপহার হিসাবে দেওয়া হবে। এই প্রকল্পকে মামার উপহার হিসাবে ব্যাখ্যা করছে তামিলনাড়ুর বিজয় সরকার।

এই প্রকল্পটি ২৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে। তবে এর সুবিধা ২২ জুনের পর থেকে জন্ম নেওয়া শিশুরাও পাবে। যেসব কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে সেখানে এই প্রকল্প চালু করা যাবেনা। বাকি রাজ্যে তা চালু হবে।

তামিলনাড়ুর থালাপতি বিজয় সরকার এই প্রকল্প চালুর কারণ ব্যাখ্যা করতে গিয়ে জানিয়ে দিয়েছে সাধারণ মানুষের সরকারি স্বাস্থ্য পরিষেবার প্রতি বিশ্বাস ও আস্থা অটুট করতে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রসঙ্গত তামিলনাড়ুতে সরকারি হাসপাতালে শিশুর জন্মের হার ৫৩ শতাংশ। অর্থাৎ সে রাজ্যে বছরে মোট শিশু জন্মের ৫৩ শতাংশের জন্ম হয় সরকারি কোনও হাসপাতালে। ইতিমধ্যেই ১ লক্ষ ২৮ হাজার সোনার আংটি বণ্টনের জন্য তৈরি। প্রতিটি আংটির একটি আলাদা নম্বর থাকছে।

তামিলনাড়ুর এই প্রকল্প সরকারি হাসপাতালে শিশু প্রসবের হার বৃদ্ধি করতে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞেরা। আগামী দিনে সে রাজ্যের মানুষ সরকারি হাসপাতালকে শিশুর জন্মের জন্য বেছে নিতেও উৎসাহ পাবেন।

Show Full Article