সাইকেল তৈরি হবে বাঁশ দিয়ে, পরিবেশ বান্ধব বাঁশের সাইকেল চালাবেন দেশবাসী
ভারতের মত দেশে সাইকেল সাধারণ মানুষের যাতায়াতের এক অন্যতম মাধ্যম। সেই সাইকেলে এবার কার্যত বিপ্লব ঘটাল একটি রাজ্য। আনল বাঁশের সাইকেল।
পৃথিবীর সবচেয়ে বড় এবং শক্তিশালী ঘাসের নাম বাঁশ। আর সেই বাঁশ ভারতের অসমে অনেক পাওয়া যায়। উন্নতমানের এবং শক্তপোক্ত বাঁশ এখানে সহজলভ্য।
এবার সেই বাঁশকেই অন্যভাবে কাজে লাগানোর কথা ভাবল অসম সরকার। বাঁশের সাইকেল তৈরি করে ফেলল তারা। যা পরিবেশ বান্ধব এবং সবুজ যান হিসাবে সামনে আসতে চলেছে।
ভারতে সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াতে সাইকেলের ভূমিকা নতুন করে বলার অপেক্ষা রাখে না। গ্রামাঞ্চলে সাইকেল প্রায় ঘরে ঘরে দেখতে পাওয়া যায়। সেই সাইকেল তৈরি হয় ধাতু বা ফাইবার কাজে লাগিয়ে। কিন্তু সেগুলি কোনওটাই পরিবেশ বান্ধব নয়।
এবার অসমে তৈরি হচ্ছে বাঁশের সাইকেল। যা প্রদর্শিত হতে চলেছে আগামী ২ অক্টোবর। গুয়াহাটির ব্রহ্মপুত্র রিভারফ্রন্টে এই বাঁশের সাইকেল প্রথম জনসমক্ষে আনা হবে।
যা আগামী দিনে ভারতে সাইকেল দুনিয়ায় বিপ্লব আনতে পারে বলেই মনে করা হচ্ছে। সবুজ যানের লক্ষ্যে আরও কিছুটা এগিয়ে যেতে সাহায্য করবে এই সাইকেল।
বাঁশ দিয়ে তৈরি সাইকেল কবে থেকে সাধারণ মানুষ দোকানে গিয়ে কিনতে পারবেন তা অবশ্য পরিস্কার নয়। তা কোথায় উৎপাদন করা হবে, আপাতত কতগুলি করে সাইকেল বছরে তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, তার বিক্রির রূপরেখা কি হবে, সেসব বিষয়ও পরিস্কার করে জানা যায়নি।
তবে এটা পরিস্কার যে বাঁশের সাইকেলের আবিষ্কার অবশ্যই আগামী দিনে পৃথিবীকে আরও দূষণ মুক্ত করবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











