মাত্র ২০ দিনের চেষ্টায় মাটির তলায় পেলেন হিরে, রাতারাতি ভাগ্য খুলল কৃষকের
রাতারাতি লাখপতি হওয়া আর স্বপ্ন নয়। তাঁর কাছে বাস্তব। এক ভারতীয় কৃষকের ভাগ্য খুলে গেল মাত্র দিন ২০-র চেষ্টায়।
এক কৃষক পরিবারে এখন শুধুই খুশির হাওয়া। আনন্দঘন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তাঁরা। হবে নাই বা কেন? রাতারাতি লাখপতি হওয়াটা তাঁদের কাছে আর স্বপ্ন রইল না। বাস্তবে পরিণত হয়েছে। একটি হিরে তাঁদের ভাগ্য খুলে দিয়েছে।
সে হিরে পাওয়ার জন্য কৃষক ও তাঁর সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করা জনা কয়েকের ১৫ থেকে ২০ দিনের পরিশ্রম লেগেছে। আর তাতেই তাঁরা মাটির তলা থেকে পেয়ে গেছেন একটি ৪.৭০ ক্যারেটের খাঁটি হিরের টুকরো। হিরেটি এতটাই উন্নতমানের যে তা রত্নমানের বলে জানিয়ে দিয়েছেন বিশেষজ্ঞেরা।
হিরেটি পাওয়া গেছে মধ্যপ্রদেশের পান্নায়। যা ভারতের অন্যতম হিরে খনি। এখানে বিশাল চত্বর জুড়েই হিরে রয়েছে মাটির তলায়। তা খুঁজে পাওয়ার জন্য স্থানীয়দের জমি বরাত দেয় সরকারই।
পান্নার সরকারি নিয়ন্ত্রক সংস্থা কিছুদিনের জন্য জমি লিজ দেয়। কেউ কতটা জমি লিজ পাবেন তাও স্থির করা হয়। এরপর লিজ যতদিনের এবং যতটা জমি লিজ দেওয়া হয়েছে সেই জমিতে খনন চালাতে পারেন সংশ্লিষ্ট ব্যক্তি।
বদ্রী প্যাটেলও তেমনই এক ব্যক্তি যিনি পেশায় কৃষক। তিনি মাটি খুঁড়তে শুরু করেছিলেন হিরে পাওয়ার আশায়। পেয়েও যান মাত্র ১৫ থেকে ২০ দিনের চেষ্টায়।
সেই হিরে নিয়ম মেনে তিনি জমাও দিয়ে দিয়েছেন ডায়মন্ড অফিসে। এবার এই হিরেটি নিলামে তোলা হবে। সেখানে যে দামে সেটি বিক্রি হবে সেই দামের একটা অংশ পাবেন বদ্রী প্যাটেল। যা নেহাত কম টাকা হবেনা।
বিশেষজ্ঞদের মতে পান্নার পাটি এলাকায় মাটি খুঁড়ে পাওয়া এই হিরের দাম ১৫ লক্ষ টাকা হওয়া উচিত। তবে নিলামে কি দামে তা বিক্রি হয় তার ওপর অনেক কিছু নির্ভর করছে। এদিকে টাকা পেলে তিনি একটি বাড়ি তৈরি করবেন বলে স্থির করেছেন বদ্রী প্যাটেল নামে ওই কৃষক। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











