পর্যটন ক্ষেত্রগুলিতে নতুন সুরক্ষা বন্দোবস্ত করল একটি রাজ্য
তাদের রাজ্য জুড়ে ছড়িয়ে আছে নানা পর্যটন ক্ষেত্র। সেইসব পর্যটন ক্ষেত্রে নারী সুরক্ষা ও স্বচ্ছতা নিয়ে অভিনব পদক্ষেপ করল একটি রাজ্য।
দেশে এমন অনেকগুলি রাজ্য রয়েছে যেখানে পর্যটকদের ভিড় লেগে থাকে। সারা বছর সেখানে পর্যটকদের আনাগোনা। রাজ্যের অর্থনীতি ও কর্মসংস্থানে বড় ভূমিকা গ্রহণ করে থাকে পর্যটন।
এমনই এক রাজ্যে এবার পর্যটনকেন্দ্রগুলিতে সার্বিক সুরক্ষা সহ নারী সুরক্ষা, স্বচ্ছতা রক্ষা করা, পর্যটনকেন্দ্রগুলির ওপর প্রাত্যহিক নজর রাখা, পর্যটকদের কোনও সমস্যা হলে তার নিষ্পত্তি করার মত কাজগুলিকে সামনে রেখে বিশেষ পদক্ষেপ করা হল।
রাজ্যসরকারের তরফেই সেখানে গ্রিন মার্শাল নিয়োগের ব্যবস্থা করা হয়েছে। এঁরা সেখানে প্রতিদিন উপস্থিত থাকবেন এবং নির্ধারিত কাজগুলি করবেন।
এতে প্রতিদিন প্রতিটি পর্যটনকেন্দ্রে নজরদারিও বাড়বে। যা পর্যটনকেন্দ্রগুলিকে আরও সুরক্ষিত করবে। সেখানকার যাবতীয় খবর রাখা সম্ভব হবে। পর্যটকদের কি ধরনের সমস্যা সেখানে হচ্ছে তাও জানা যাবে এই গ্রিন মার্শালদের হাত ধরে।
কেরালায় এই পদক্ষেপ করতে চলেছে সে রাজ্যের সরকার। জানা যাচ্ছে আগামী ৯ অক্টোবর থেকে কেরালার বিভিন্ন পর্যটনকেন্দ্রগুলিতে গ্রিন মার্শালরা কাজ শুরু করবেন।
কোনও পর্যটনকেন্দ্রে বেড়াতে গিয়ে যাতে কোনও পর্যটক সুরক্ষার অভাব বা প্রয়োজনীয় সহযোগিতার অভাব অনুভব না করেন সেটাই প্রধান লক্ষ্য সরকারে।
সেই সঙ্গে পর্যটনকেন্দ্রগুলির ওপর দৈনন্দিন কড়া নজরদারি সেই জায়গাগুলিকে আরও নিরাপদ করে রাখবে। এই উদ্যোগের ফলে বেশ কিছু কর্মসংস্থানও তৈরি হতে চলেছে কেরালায়। কারণ গ্রিন মার্শাল পদে বেশ কয়েকজনকে নিয়োগ করা হবে।











